কলকাতারাজনীতি

ব্রিগেডে মোদীর সভা ঘিরে জল্পনা, ‘মঞ্চ খুলতে বলেছে এসপিজি?’—জবাব দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়

কলকাতা: আর মাত্র তিনদিন। তারপরই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ মার্চের ওই সভাকে ঘিরে এখন জোরকদমে প্রস্তুতি চলছে ময়দানে। কর্মীদের দম ফেলার ফুরসত নেই—চলছে খুঁটি পোঁতা, কাঠামো তৈরির কাজ এবং সভাস্থলের নানা পরিকাঠামো গড়ে তোলা।

তবে এর মধ্যেই নতুন জল্পনা ছড়িয়েছে। শোনা যাচ্ছিল, ইতিমধ্যে যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেটি নাকি খুলে ফেলতে বলেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। মাটি পরীক্ষা করার পরই নাকি আবার নতুন করে মঞ্চ তৈরি করা হবে। এই খবর ছড়াতেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়।

এই জল্পনার মাঝেই মুখ খুলেছেন সভামঞ্চের কাজ দেখভালের দায়িত্বে থাকা বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে যে কাঠামো তৈরি হয়েছে সেটি আসল মঞ্চ নয়।

রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, “যেটা তৈরি হয়েছে সেটা মূল মঞ্চ নয়। কিছু কাঠামো তৈরি করে তাতে কাপড় লাগানো হয়েছে। এটা মূলত হাই সিকিউরিটি জোনের জন্য রাখা হয়েছে।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী যেখানে সভা করেন সেখানে নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী এসপিজি আগে পুরো জায়গা খতিয়ে দেখে। তাদের অনুমতি ছাড়া মূল মঞ্চ তৈরি করা হয় না।

বিজেপি নেতার কথায়, “এসপিজি আসবে, সিকিউরিটি ক্লিয়ারেন্স দেবে। তারপরই আসল মঞ্চ তৈরি হবে। আমরা মঞ্চের দৈর্ঘ্য-প্রস্থ সব তথ্য তাদের সঙ্গে শেয়ার করি। তারা সব দেখে অনুমতি দিলে তবেই মূল মঞ্চ বাঁধা হয়। এটা একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া।”

মঞ্চ খুলে নেওয়ার বিষয়ে তাঁর কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই বলেও জানান তিনি। তবে রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে—এসপিজি-র চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পর এত অল্প সময়ে কীভাবে দ্রুত মূল মঞ্চ তৈরি করা হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। কিন্তু রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যেই তুঙ্গে। রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শেষ করে বিজেপি ১৪ মার্চ ব্রিগেডে শক্তি প্রদর্শনের লক্ষ্য নিয়েছে। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে এই ব্রিগেড সভা বিজেপির জন্য গুরুত্বপূর্ণ শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে উঠতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.