মার্কিন জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। প্রায় ৫ দশকের বিরতির পর যুক্তরাষ্ট্রে তৈরি হতে যাচ্ছে একটি বিশাল আকারের তেল শোধনাগার বা ‘মেগা অয়েল রিফাইনারি’। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই প্রকল্পের ঘোষণা করেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্পে বড় বিনিয়োগ করছে ভারতের শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যার নেতৃত্বে রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানিয়েছেন, প্রায় ৩০০ বিলিয়ন ডলারের এই চুক্তি মার্কিন ইতিহাসে অন্যতম বৃহৎ জ্বালানি বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। টেক্সাসের ব্রাউনসভিল বন্দরের কাছে এই শোধনাগার গড়ে তোলা হবে বলে জানা গেছে। প্রেসিডেন্টের দাবি, এটি বিশ্বের সবচেয়ে ‘পরিচ্ছন্ন’ রিফাইনারিগুলির একটি হবে। পাশাপাশি আমেরিকার জ্বালানি উৎপাদন ও জাতীয় নিরাপত্তা দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
প্রকল্পের মূল লক্ষ্য হল পশ্চিম টেক্সাসের পার্মিয়ান বেসিন থেকে উত্তোলিত ‘লাইট শেল অয়েল’ পরিশোধন করা। আগামী ২ দশকে প্রায় ১.২ বিলিয়ন ব্যারেল তেল প্রক্রিয়াজাত করার পরিকল্পনা রয়েছে। যার ফলে প্রায় ১৭৫ বিলিয়ন ডলারের পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন সম্ভব হবে বলে অনুমান। ব্রাউনসভিল মিউনিসিপ্যালিটির সূত্রে জানা গেছে, ২০২৬-এর এপ্রিলে এই প্রকল্পের শিলান্যাস সম্ভবনা রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ১৯৭৭ সালে লুইসিয়ানা-তে শেষবার বড় আকারের রিফাইনারি তৈরির পর এই প্রথম যুক্তরাষ্ট্রে এমন মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
বিশ্ববাজারে তেলের দাম ক্রমশ বাড়তে থাকায় এবং হরমুজ প্রণালীকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে এই উদ্যোগকে কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৩০-র বেশি শোধনাগার থাকলেও বেশিরভাগই বহু পুরনো। তাই নতুন এই রিফাইনারি আমেরিকার জ্বালানি স্বনির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।






