ওড়িশার একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ১০ জন রোগীর। সোমবার ভোররাতে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের আইসিউতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আইসিউ ও সংলগ্ন ওয়ার্ডে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
হাসপাতাল সূত্রে খবর, আইসিউতে তখন ২০ জনেরও বেশি রোগীর চিকিৎসা চলছিল। আগুন লাগার পরপরই হাসপাতাল কর্মীরা দমকলের সাহায্যে রোগীদের দ্রুত আইসিউ থেকে বের করে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করেন। কিন্তু ততক্ষণে সাতজন রোগীর মৃত্যু হয়। পরে আরও তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০।
তবে আগুনে ঝলসে নাকি ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। রোগীদের উদ্ধার করতে গিয়ে অন্তত ১১ জন হাসপাতাল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছন ওড়িশার মুখ্যমন্ত্রী Mohan Charan Majhi। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং। আহতদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি খতিয়ে দেখেন।
মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।
এদিকে এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী Narendra Modi। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।
ঘটনার পর হাসপাতাল চত্বরে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এখনও আইসিউতে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্ট সামনে এলে আগুন লাগার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।







