দু’বার প্লে-অফে উঠেও ফাইনালের স্বপ্ন অপূর্ণ থেকেছে। গত মরসুমে লিগ টেবিলে সপ্তম স্থানে শেষ করে হতাশ করেছে দল। সেই অতীত ব্যর্থতা পিছনে ফেলে এবার নতুন উদ্যমে আইপিএল অভিযানে নামতে চাইছে Lucknow Super Giants।
মরসুম শুরুর আগে তাই যেন আধ্যাত্মিক শক্তিকেই ভরসা করল লখনউ শিবির। Ram Mandir প্রাঙ্গণে গিয়ে প্রার্থনায় অংশ নিলেন দলের কর্ণধার Sanjiv Goenka এবং অধিনায়ক Rishabh Pant। দলের আরও কয়েকজন সদস্যও এই সফরে ছিলেন।
দলের সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায়, মন্দির প্রাঙ্গণে নতশির পন্থ ও গোয়েঙ্কা। ক্যাপশনে জানানো হয়, আইপিএলের আগে ঈশ্বরের আশীর্বাদ কামনাতেই এই সফর। সংবাদ সংস্থাকে দেওয়া প্রতিক্রিয়ায় গোয়েঙ্কা বলেন, ভগবান রামের আশীর্বাদেই যেন দল সঠিক পথে এগোতে পারে—এই প্রার্থনাই করেছেন সকলেই।
উল্লেখ্য, আসন্ন আইপিএলে ১ এপ্রিল Delhi Capitals-এর বিরুদ্ধে অভিযান শুরু করবে লখনউ।
এরই মধ্যে দলীয় পরিচয়ে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি নতুন লোগো প্রকাশ করেছে এলএসজি, যেখানে গরুড়, মুকুট এবং হাতির প্রতীককে একত্রিত করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির দাবি, এই লোগোর মাধ্যমে উত্তরপ্রদেশের সংস্কৃতি ও আবেগকে তুলে ধরাই লক্ষ্য।
সব মিলিয়ে, ব্যর্থতার ধাক্কা কাটিয়ে নতুন মরসুমে ‘রাম ভরসে’ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে লখনউ সুপার জায়ান্টস। এখন দেখার, আধ্যাত্মিক ভরসা কতটা বদল আনে মাঠের ফলাফলে।







