নিজস্ব সংবাদদাতা: প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ভারতীয় জনতা পার্টি-র অন্দরে বাড়ছে অসন্তোষ। হিঙ্গলগঞ্জে রেখা পাত্র-কে প্রার্থী করাকে কেন্দ্র করে তা চরমে পৌঁছেছে। রবিবার সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।
দলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান তোলেন— ‘রেখা পাত্রকে মানছি না, মানব না’, ‘হিঙ্গলগঞ্জে প্রার্থী বদল করতে হবে’। প্রার্থী ঘোষণার পর টানা তিন দিন ধরে একই দাবিতে বিক্ষোভের ছবি ধরা পড়েছে।
অসন্তোষের কেন্দ্রে থাকা রেখা পাত্রকে গত লোকসভা নির্বাচনে বসিরহাটে প্রার্থী করেছিল বিজেপি, সন্দেশখালি আন্দোলনের মুখ হিসেবে তাঁকে তুলে ধরা হয়েছিল। যদিও সেই নির্বাচনে পরাজিত হন তিনি। এবার বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জে তাঁকেই প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় কর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, রেখা পাত্র হিঙ্গলগঞ্জের বাসিন্দা নন। তাঁদের দাবি, স্থানীয় ‘ভূমিপুত্র’ কাউকেই প্রার্থী করা হোক। পাশাপাশি ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর দলের কর্মীদের ওপর হামলা, মামলা এবং নির্যাতনের সময়ে প্রার্থীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
প্রসঙ্গত, প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করলেও বড়সড় প্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু দ্বিতীয় দফায় আরও ১১২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করে।
শুধু হিঙ্গলগঞ্জ নয়, খড়্গপুর ও নারায়ণগড়েও প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুরের খবর মিলেছে। একাধিক জেলায় একই ছবি সামনে আসায় নির্বাচনের মুখে দলের অন্দরের এই অসন্তোষ যে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, তা বলাই বাহুল্য।







