রাজনীতি

জোট অনিশ্চিত, ১৮২ আসনে লড়াইয়ের ঘোষণা— প্রার্থী তালিকা প্রকাশ করল হুমায়ুন কবীরের দল

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: Humayun Kabir-এর নেতৃত্বাধীন আম জনতা উন্নয়ন পার্টি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড়সড় পদক্ষেপ নিল। এখনও পর্যন্ত CPI(M) বা ISF-এর সঙ্গে কোনও জোট চূড়ান্ত না হলেও, রবিবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করল দল।

দলের চেয়ারম্যানের উপস্থিতিতে ঘোষিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ১৮২টি আসনে প্রার্থী দেবে আম জনতা উন্নয়ন পার্টি। প্রথম দফায় ১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দিয়েছে দল।

মুর্শিদাবাদ জেলায় বিশেষ নজর দিচ্ছে দল। জেলার ২২টি আসনের মধ্যে আপাতত ১০টিতে প্রার্থী ঘোষণা হয়েছে। রেজিনগর ও নওদা— এই দুই কেন্দ্র থেকেই নিজে লড়বেন হুমায়ুন কবীর। রানিনগরে প্রার্থী হচ্ছেন ইয়াসির হায়দার, আর ভরতপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পীরজাদা খোয়ায়েব আমিনকে। নন্দীগ্রামে শহিদুল হক এবং ভবানীপুরে পুনম বেগমকে প্রার্থী করা হয়েছে।

তবে বাকি আসনগুলিতে প্রার্থী ঘোষণা না হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে— শেষপর্যন্ত কি জোটের সম্ভাবনা খোলা রাখতেই এই কৌশল? বিশেষ করে উত্তর দিনাজপুরের ইসলামপুর কেন্দ্র ঘিরে জল্পনা তুঙ্গে। সেখানে Abdul Karim Chowdhury-র তৃণমূলের টিকিট না পাওয়া এবং তাঁর সম্ভাব্য দলবদল ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রের খবর, তিনি যোগ দিলে ওই কেন্দ্র থেকেই প্রার্থী করা হতে পারে তাঁকে।

দল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ মার্চ কলকাতা থেকে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। পাশাপাশি ২৮ মার্চ প্রকাশিত হবে দলের নির্বাচনী ইস্তেহার। সুস্বাস্থ্য, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি— এই চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

জোটের সমীকরণ এখনও অনিশ্চিত থাকলেও, প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল হুমায়ুন কবীরের দল। এখন নজর আগামী কয়েক দিনের রাজনৈতিক গতিবিধির দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.