বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ পার্নো মিত্র। শুক্রবার তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়প্রকাশ মজুমদারের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন পার্নো মিত্র। তৃণমূলে যোগদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, “একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। যেরকম ভেবেছিলাম বিষয়টা সেভাবে এগোয়নি। তবে ভুল তো মানুষ মাত্রই করে।” তৃণমূলে যোগদান করেই ‘ জয় বাংলা ‘ স্লোগান দিতে শোনা গেল পার্নো মিত্রকে।
পার্নোকে পাশে বসিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগে আকৃষ্ট হয়ে পার্নোই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন।” পাশাপাশি পার্নোর অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, “২০০৭ সাল থেকে সিনেমা জগতে তাঁর পদাপর্ণ। এত স্বল্প সময়েই চল্লিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নাগরিক হিসেবে মানুষের পাশে থাকার কর্তব্য সম্পর্কেও পার্নো যথেষ্ট সচেতন। আমাদের মাননীয়া বরাবরই নারী উন্নয়নের কথা বলেন। মাননীয়ার নির্দেশে পার্নোকে দলে স্বাগত জানাচ্ছি আমরা।”
বঙ্গে নির্বাচনের আবহ চলাকালীন বাংলার শাসকদলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। এবার বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করার জল্পনা কল্পনায় ব্যস্ত রাজনৈতিক মহল। গতবারের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন । যদিও বরাহনগরে তৃণমূলের তাপস রায়ের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে হার মানতে হয়েছিল পার্নো মিত্রকে। রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা গিয়েছিল , ঘনিষ্ঠ মহলের কাছে বিজেপির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন পার্নো। এদিন তৃণমূলে যোগ দিতেই, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন , “ভুল তো মানুষ মাত্রই করে।”







