রাজনীতি

লকআপে মেঝেতে শুয়ে রাত কাটল উদয়ন গুহর, খাবারে ছিল ডাল-রুটি

পুলিশ হেফাজতে প্রথম রাত কাটালেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। রাতের খাবারে ছিল ডাল ও রুটি। লকআপের মেঝেতেই শুয়ে-বসে রাত কাটাতে হয়েছে তাঁকে। বিশেষ কোনও দাবি না জানালেও, এক রাতের অভিজ্ঞতাতেই বেশ অস্বস্তিতে পড়েছেন বলে জানা গিয়েছে। ভোর হতেই লকআপের ভিতরে হাঁটাহাঁটি শুরু করেন তিনি।

এদিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগের সংখ্যা বাড়ছে। শুক্রবার দিনহাটা শহরের বাসিন্দা বিজয় সাহা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, আবাস যোজনার সুবিধা পাওয়ার পর তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয়েছিল, যদিও রসিদ দেওয়া হয় মাত্র ২০ হাজার টাকার। এতদিন ভয়ের কারণে অভিযোগ করতে পারেননি বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে সিপিএমের পক্ষ থেকেও ৫৫ জনের একটি তালিকা ও সংশ্লিষ্ট তথ্য দিনহাটা থানায় জমা দেওয়া হয়েছে। দলের অভিযোগ, দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন উদয়ন গুহ আবাস যোজনার নামে বহু মানুষের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ সংগ্রহ করেছিলেন। সিপিএম নেতা শুভ্রালোক দাস জানান, প্রত্যেক অভিযোগের সঙ্গে প্রয়োজনীয় তথ্যও জমা দেওয়া হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

এদিন উদয়ন গুহর পাশে দাঁড়াতে দিনহাটার বাড়িতে যান তাঁর স্ত্রী শাশ্বতী গুহ ও পরিবারের কয়েকজন সদস্য। তাঁদের জন্য দুপুরের খাবার নিয়ে পৌঁছন বিজেপির বিক্ষুব্ধ নেতা দীপ্তিমান সেনগুপ্ত। এরপরই তাঁর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, কিছু বিজেপি কর্মী-সমর্থক তাঁর বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়েন এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে দেন। দীপ্তিমান সেনগুপ্ত এই ঘটনার জন্য বিজেপি কর্মী-সমর্থকদের দায়ী করলেও, বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।

যদিও সংবাদমাধ্যমের সামনে এদিন কোনও মন্তব্য করতে চাননি উদয়ন গুহর স্ত্রী শাশ্বতী গুহ।

এদিকে জনরোষের আশঙ্কায় উদয়ন গুহকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে থানার মধ্যেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরিকল্পনা করেছে পুলিশ বলে সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.