রবিবার, ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষা। তার ঠিক আগেই এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ধরা পড়ল চাঞ্চল্যকর গাফিলতি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে দ্বিতীয়বার আয়োজিত এই পরীক্ষার আগে ফের সমালোচনার মুখে পড়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
সূত্রের খবর, নাগপুরের বাসিন্দা পরীক্ষার্থী আবদুল্লা মহম্মদ তালিব ‘রি-নিট ২০২৬’-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে অবাক হয়ে যান। সেখানে তাঁর পরীক্ষাকেন্দ্র হিসেবে ভারতের কোনও শহরের নাম নয়, উল্লেখ করা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবির একটি কেন্দ্র। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগে পড়েন ওই পরীক্ষার্থী ও তাঁর পরিবার।
আবদুল্লার দাবি, তাঁর পাসপোর্টই নেই। তাই বিদেশে গিয়ে পরীক্ষা দেওয়া তাঁর পক্ষে কোনওভাবেই সম্ভব নয়। বিষয়টি সামনে আসতেই তা এনটিএ-র নজরে আনা হয়।
এরপর এনটিএ স্বীকার করে নেয় যে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছে। সংস্থার তরফে পরীক্ষার্থীর পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে দ্রুত ভুল সংশোধন করা হবে এবং সঠিক পরীক্ষাকেন্দ্র উল্লেখ করে নতুন অ্যাডমিট কার্ড জারি করা হবে। শুক্রবার সন্ধ্যার মধ্যেই সমস্যার সমাধান করা হবে বলেও জানানো হয়েছে।
ইতিমধ্যেই ভুল পরীক্ষাকেন্দ্র-সহ ওই অ্যাডমিট কার্ডের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুনঃপরীক্ষার আগে এই ঘটনা ফের এনটিএ-র প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, দীর্ঘ বিতর্ক ও আইনি টানাপোড়েনের পর ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে শুক্রবার নতুন নির্দেশিকাও প্রকাশ করেছে এনটিএ। সেখানে জানানো হয়েছে, পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়ানো হয়েছে। ফলে এবার পরীক্ষার মোট সময় হবে ৩ ঘণ্টা ১৫ মিনিট বা ১৯৫ মিনিট। দুপুর ২টোয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টা ১৫ মিনিটে।







