দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে চাঞ্চল্যকর খুনের ঘটনার পর্দাফাঁস করল পুলিশ। প্রায় তিন সপ্তাহ আগে নিখোঁজ হওয়া এক মহিলার দেহ উদ্ধার হল হেনরি আইল্যান্ড সংলগ্ন সমুদ্র সৈকতের বালির নীচ থেকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে জিয়ারুল সরদার নামে এক যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ মে জিয়ারুল সরদার ও আবিয়া বিবি নামে ওই মহিলা একসঙ্গে বকখালিতে বেড়াতে যান। অভিযোগ, সেদিনের পর থেকেই নিখোঁজ হয়ে যান আবিয়া। যদিও জিয়ারুল বাড়ি ফিরে এলেও মহিলার আর কোনও খোঁজ মেলেনি। পরে পরিবারের পক্ষ থেকে বকুলতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
তদন্তে নেমে পুলিশের সন্দেহের তির জিয়ারুলের দিকেই ঘুরে যায়। বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি খুনের কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের। এরপর তাঁর দেখানো জায়গায় হেনরি আইল্যান্ডের সমুদ্রতটে খোঁড়াখুঁড়ি চালিয়ে উদ্ধার করা হয় মহিলার দেহ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিনের অশান্তির জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিন সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর এভাবে দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।







