রাজনীতি

হাওড়ার বালি কেন্দ্রে বিজেপির অন্দরমহলে বিস্ফোরণ: ‘বহিরাগত’ প্রার্থী ঘিরে তুমুল বিক্ষোভ, পদত্যাগ ৭০ বুথ সভাপতির

হাওড়া: ভোটের মুখে বড়সড় অস্বস্তিতে বিজেপি। হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঘিরে প্রকাশ্যে চলে এল দলের গোষ্ঠীদ্বন্দ্ব। ‘বহিরাগত’ ইস্যুতে ক্ষোভে ফেটে পড়লেন একাংশের কর্মী-নেতারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ইতিমধ্যেই ৭০ জন বুথ সভাপতি পদত্যাগ করেছেন বলে দাবি উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় বেলুড়ের লালমোহন মুখার্জি স্ট্রিটে দলীয় বৈঠক চলাকালীন হঠাৎই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ক্ষুব্ধ কর্মীরা পার্টি অফিসে ঢুকে সরাসরি বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। তাঁকে ঘিরে ‘বহিরাগত দূর হঠ’ স্লোগান ওঠে। পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় নেতৃত্বকে উপেক্ষা করে ‘বহিরাগত’ প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, “বালির জন্য চাই ভূমিপুত্র, এমন প্রার্থী যাঁকে বিপদে-আপদে পাশে পাওয়া যাবে।” বিক্ষুব্ধ বিজেপি নেতা ইন্দ্রনীল দাশগুপ্ত দাবি করেন, “সঞ্জয় সিংকে প্রার্থী করায় ক্ষুব্ধ হয়ে ৭০ জন বুথ সভাপতি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন।”

এদিকে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন প্রার্থী সঞ্জয় সিং। তাঁর বক্তব্য, “দলের ভিতরে মতভেদ থাকতেই পারে। যাঁদের আপত্তি আছে, তাঁরা এসে আলোচনা করুন। এটা বড় কোনও বিষয় নয়।”

তবে এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র বলেন, “যে দল নিজেদের অন্দরের কোন্দলই সামলাতে পারছে না, তারা আবার জয়ের স্বপ্ন দেখছে কীভাবে?”

ভোটের আগে এই ঘটনায় বালি কেন্দ্রে বিজেপির সংগঠন কতটা চাপে পড়বে, সেটাই এখন বড় প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.