রাজধানী দিল্লিতে ফের বোমাতঙ্ক ঘিরে চরম উদ্বেগ। বাজেট পেশের দিনেই দিল্লি বিধানসভা উড়িয়ে দেওয়ার হুমকি মেল ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। মঙ্গলবার সকালে পরপর দু’টি ই-মেল পৌঁছতেই নড়েচড়ে বসে নিরাপত্তা সংস্থাগুলি।
ঠিক সকাল ৭:৩০ নাগাদ প্রথম হুমকি বার্তা আসে বিধানসভার দফতরে। কিছুক্ষণের মধ্যেই একই ধরনের ই-মেল পৌঁছয় স্পিকারের সরকারি মেল আইডিতেও। বার্তায় বিস্ফোরণের আশঙ্কা স্পষ্ট করে উল্লেখ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুধু বিধানসভা নয়, আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাকেও নিশানা করার ইঙ্গিত মেলে। কাছাকাছি একটি মেট্রো স্টেশনকেও সম্ভাব্য টার্গেট হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে গোটা এলাকা ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।হুমকি ই-মেলে দেশের একাধিক শীর্ষ নেতৃত্বের নামও উঠে এসেছে।
প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী থেকে শুরু করে রাজধানীর প্রশাসনিক শীর্ষ কর্তাদের নাম উল্লেখ করে উস্কানিমূলক ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও আলাদা করে টার্গেট করা হয়েছে বলে সূত্রের দাবি। এই ঘটনার পরই তদন্তে নামে দিল্লি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। ই-মেলের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে জোরকদমে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়েই দিল্লির স্কুল ও হাসপাতালগুলিতে একাধিক ভুয়ো বোমা-হুমকির ঘটনা সামনে এসেছে। ফেব্রুয়ারিতে ১৩টি স্কুলে একই ধরনের হুমকি পাঠানো হয়েছিল, যার জেরে আতঙ্ক ছড়ায়। তবে বারবার এমন ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে প্রশাসন কোনও ঝুঁকি নিতে চাইছে না। হুমকি বাস্তব হোক বা ভুয়ো রাজধানীর নিরাপত্তা ঘিরে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।






