২০২৫ সালের ৪ জুন , ক্রিকেট প্রেমীদের জন্য এক অন্ধকার দিন । বিশেষ করে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অনুরাগীদের জন্য এই দিনটি অনেকটাই দুঃখের ।
২০২৫ সালে প্রথমবার আইপিএল ট্রফি নিজেদের নামে করে বেঙ্গালুরু শিবির । যার উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা শহর । ট্রফি জয়ের পরদিন সেলিব্রেশনে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা । ট্রফি জয়ের প্যারেডে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন অনুরাগীর । আহতও হয়েছিলেন বহু সমর্থক।
এরপর এবার ২৮ তারিখ প্রথম ম্যাচেই খেলতে নামছেন বিরাট কোহলিরা । আর তার আগে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বড় ঘোষণা আরসিবি ও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের । ওই মৃত ১১ জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে , বানানো হবে ১১ জনের নামাঙ্কিত একটি স্মৃতি ফলক । শুধু আইপিএলের জন্য নয় , এই ফলক থাকবে পাকাপাকি ভাবেই । পাশাপাশি ওই ১১ জন সমর্থকের জন্য প্রিমিয়াম গ্যালারির ১১ টি সিট পাকাপাকি ভাবে রিজার্ভ করে রাখা হবে। শুধু আইপিএল বা ঘরোয়া ম্যাচ নয় , আন্তর্জাতিক ম্যাচ গুলিতেও , ওই ১১ টি সিটের টিকিট অবিক্রিত রাখা হবে ।
এবিষয়ে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভেঙ্কটেশ প্রসাদ জানিয়েছেন , ”ওই মর্মান্তিক ঘটনার কথা ভাবলেও কষ্ট হয়। আমরা বহুদিন ধরেই কোম্পানির স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। ওই ১১ জন সমর্থককে সন্মান জানানো প্রয়োজন। আমরা সেই খারাপ ঘটনা মনে করতে চাই না, তবে ওঁদের সন্মান জানিয়ে মনে রাখতে চাই। আরসিবিকে ধন্যবাদ এই সাধুবাদের জন্য।”
২৮ মার্চ , প্রথম ম্যাচেই খেলতে নামছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই ম্যাচেই বিশেষ সম্মান জানানো হবে ১১ জনকে । মৃতদের স্মরণে , ম্যাচ শুরুর পূর্বে , ১ মিনিটের নীরবতাও পালন করা হবে । মৃতদের নাম দেখানো হবে জায়ান্ট স্ক্রিনে। এবং এই শ্রদ্ধা প্রদানে অংশ নেবে প্রতিপক্ষ হায়দ্রাবাদও।







