চলতি বছরের শুরু থেকেই সঙ্গীতজগতের অন্যতম আলোচিত নাম অরিজিৎ সিং। একটি সোশ্যাল মিডিয়া
পোস্টে নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি জানান, ভবিষ্যতে আর প্লেব্যাক গানে যুক্ত হবেন না। যদিও ইতিমধ্যেই সই করা কিছু প্রজেক্ট শেষ করতে এখনও সময় লাগবে, তবে তাঁর ঝোঁক এখন স্পষ্টভাবেই স্বাধীন সঙ্গীতের দিকে।
এই ঘোষণার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে বাড়িকে ঘিরে বেড়েছে কৌতূহল। একের পর এক আন্তর্জাতিক তারকার আগমন সেই আগ্রহ আরও বাড়িয়েছে। সম্প্রতি এড শেরেন ও আমির খানের সফরের খবর সামনে আসার পর এবার নতুন করে চর্চায় এসেছে জংবুকের নাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দাবি করা হয়, কোরিয়ান পপ তারকা জাংকুক নাকি গোপনে ভারতে এসে অরিজিৎ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবিতে তাঁদের পাশাপাশি বসে হাসিমুখে দেখা গেলেও, পোস্টটি কোনও অফিসিয়াল সূত্র থেকে আসেনি।
বরং এটি একটি ফ্যানপেজ থেকে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে, যার ফলে ছবিটির সত্যতা নিয়ে জোর সন্দেহ তৈরি হয়েছে। অনেকের মতে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর সম্পাদনার ফলও হতে পারে। উল্লেখযোগ্যভাবে, বিটিএসের সদস্য জাংকুক অতীতে নিজের পুরনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে নতুনভাবে ফিরে এসেছিলেন। ফলে ভুয়ো পোস্ট বা বিভ্রান্তিকর তথ্য নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অনুরাগীরাই। অন্যদিকে, সঙ্গীতের ময়দানে দুই শিল্পীই এখন শিরোনামে। বিটিএস নতুন অ্যালবাম নিয়ে ফিরে এসেছে, আর অরিজিৎ সিংও প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সত্ত্বেও নতুন গান প্রকাশ করে চলেছেন। ফলে জল্পনা যতই বাড়ুক, অরিজিৎ-জাংকুক কোলাবরেশনের বাস্তবতা এখনও অধরাই। আপাতত এই ‘ভাইরাল’ গল্পই অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে রাখছে।







