রাজ্য

ডিজিটাল জনগণনায় বাংলার সাফল্য, ‘সেলফ এনুমারেশন’-এ দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ

দেশজুড়ে শুরু হওয়া ডিজিটাল জনগণনার প্রথম পর্বে নজিরবিহীন সাফল্য পেল পশ্চিমবঙ্গ। ‘সেলফ এনুমারেশন’ বা স্ব-শুমারি প্রক্রিয়ায় দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বাংলা। রবিবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রকাশিত পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ অগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৫৩ লক্ষ ১৩ হাজার ৫৮৯টি পরিবার অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করেছে। এর মধ্যে প্রায় ৪৯ লক্ষ ৮৬ হাজার পরিবারের স্ব-শুমারি প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। আরও ৩ লক্ষ ২৭ হাজার ৫৭২টি পরিবারের তথ্য নথিভুক্তির কাজ বর্তমানে চলছে।

গত ১ অগস্ট রাজ্যে ‘সেলফ এনুমারেশন’ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর থেকেই ২৩টি জেলায় একযোগে শুরু হয় প্রচার ও তথ্য নথিভুক্তির কাজ। জেলাভিত্তিক পরিসংখ্যানে মালদহ ও উত্তর ২৪ পরগনা সবচেয়ে এগিয়ে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

প্রশাসনের দাবি, বিভিন্ন গণমাধ্যমে লাগাতার প্রচারের ফলেই সাধারণ মানুষের মধ্যে স্ব-শুমারি নিয়ে আগ্রহ বেড়েছে। এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জাতীয় জনগণনা পরিচালিত হচ্ছে। এর ফলে গণনাকারীর অপেক্ষা না করেই নাগরিকেরা নিজেদের তথ্য অনলাইনে নথিভুক্ত করার সুযোগ পাচ্ছেন।

১৫ অগস্ট পর্যন্ত চলেছে সেলফ এনুমারেশন। ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে মূল তথ্য সংগ্রহ করবেন। জনগণনার পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.