রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে ৪১ পাতার বিশেষ বই। ‘পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’ শীর্ষক এই বইয়ের প্রচ্ছদে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে। সরকারের ১০০ দিনের মেয়াদে রাজ্যে কত টাকার বিনিয়োগ এসেছে, অন্নপূর্ণা যোজনায় কত মহিলা আর্থিক সহায়তা পেয়েছেন, বিভিন্ন সামাজিক প্রকল্পে কত মানুষের আর্থিক সুবিধা বাড়ানো হয়েছে—সহ একাধিক তথ্য তুলে ধরা হয়েছে এই বইয়ে।
পাশাপাশি অনুপ্রবেশকারীদের মধ্যে কতজনকে ফেরত পাঠানো হয়েছে এবং সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে কতখানি জমি হস্তান্তর করা হয়েছে, সেই সংক্রান্ত তথ্যও উল্লেখ রয়েছে বইটিতে। সরকারের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরে প্রকাশ করা হয়েছে এই বিশেষ পুস্তিকা।
বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বইয়ের তথ্য নিয়ে দলের নেতা-কর্মীরা এলাকায় এলাকায় পৌঁছবেন। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে নতুন সরকারের ১০০ দিনের কাজের হিসাব তুলে ধরবেন তাঁরা। নিউটাউনে আয়োজিত প্রশিক্ষণ শিবির থেকেই দলীয় কর্মীদের এই নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ওই প্রশিক্ষণ শিবির থেকেই দলের জনপ্রতিনিধি ও নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট বক্তব্য, কোনও বিধায়ক বা জেলা স্তরের নেতার বিরুদ্ধে তোলাবাজি কিংবা কাটমানির অভিযোগ প্রমাণিত হলে তাঁকে সাসপেন্ড করতে দল কোনও দ্বিধা করবে না। এমনকি, এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অনুমতি নিয়েই তিনি কথা বলছেন বলেও জানান শমীক।
শুধু তাই নয়, বর্তমান বিধায়কদের মধ্যে ১৫-২০ জন দল ছেড়ে চলে গেলেও সংগঠন বা দলের উপর তার কোনও প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি। ফলে ১০০ দিনের সাফল্য মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও যে বিজেপি নেতৃত্ব কঠোর অবস্থান নিচ্ছে, নিউটাউনের প্রশিক্ষণ শিবির থেকে সেই বার্তাই স্পষ্ট হয়েছে।







