জেলারাজনীতি

আশিস বন্দ্যোপাধ্যায়ের শেষযাত্রায় জনস্রোত, অবসান বীরভূমের রাজনীতির এক অধ্যায়ের

রামপুরহাট: বীরভূমের রাজনীতি ও শিক্ষা জগতের অন্যতম পরিচিত মুখ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হল রবিবার রাতে তারাপীঠ মহাশ্মশানে। রাত ঠিক ৮টা নাগাদ পূর্ণ মর্যাদায় তাঁর দাহকার্য সম্পন্ন হয়।

রামপুরহাট কেন্দ্র থেকে টানা পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের শেষযাত্রায় উপচে পড়ে জনসমাগম। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তৃণমূল, বিজেপি, বাম-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। বিশেষভাবে নজর কেড়েছে ছাত্রছাত্রীদের উপস্থিতি। প্রিয় ‘মাস্টারমশাই’-কে শেষবারের মতো বিদায় জানাতে রামপুরহাটের রাস্তায় নামে কার্যত জনস্রোত।

রবিবার সকালে রামপুরহাটের বাড়ি থেকে আশিসবাবুর দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নামে। ময়নাতদন্তের পর বিকেল সাড়ে ৩টা নাগাদ তাঁর মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়।

এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় পারিবারিক মন্দিরে। সেখান থেকে রামপুরহাট গার্লস স্কুলে পৌঁছলে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান। পরে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল রামপুরহাট কলেজে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা।

সন্ধ্যার পর মরদেহ পৌঁছয় তারাপীঠ মহাশ্মশানে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই সম্পন্ন হয় শেষকৃত্য। তাঁর প্রয়াণে বীরভূমের রাজনীতি ও শিক্ষা জগতে নেমে এল গভীর শোক। শেষ হল এক বহুমাত্রিক রাজনৈতিক ও শিক্ষাজীবনের অধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.