রিজেন্ট পার্ক থানা এলাকায় আজ সকাল ৯টা নাগাদ ঘটে গেল এক বিপজ্জনক ঘটনা। প্রবল বর্ষণের জেরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের শতাব্দী প্রাচীন এক পরিত্যক্ত বাড়ির সামনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দাসানি স্টুডিওর লাগোয়া এই বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত হলেও, সেখানেই আশ্রয় নিয়ে থাকতেন প্রায় ছয়টি পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। কলকাতা পুরসভার তরফে নোটিশও দেওয়া হয়েছিল, তবে বসবাসকারীদের অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকায় তাঁরা বাধ্য হয়েই এই বাড়িতেই থাকতেন।
ভোরবেলা পরিবারের লোকজন ঘুমিয়ে থাকতেই হঠাৎ ভেঙে পড়ে বাড়ির একাংশ। সৌভাগ্যবশত, কেউ হতাহত হননি। তবে আতঙ্কে কেঁপে ওঠেন আশপাশের বাসিন্দারাও।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্থানীয় কাউন্সিলর। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আশ্বাস দেন যে, তাদের নতুন বাড়ি এবং পুনর্বাসনের ব্যবস্থা করবে প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরে টানা বৃষ্টির ফলেই ভাঙন। আপাতত এলাকাটি ঘিরে রাখা হয়েছে, ভবনের অবশিষ্ট অংশ আরও বিপজ্জনক কিনা তা খতিয়ে দেখছে পুরসভার ইঞ্জিনিয়াররা।







