তরুণ ভারতীয় অধিনায়ক শুভমান গিলের একটানা খেলার সূচির কারণে তাঁর ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নিয়ে ক্রিকেট মহলে যে বিতর্ক চলছিল, সেই বিষয়ে কড়া বার্তা দিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। সদ্য কলকাতা টেস্টে চোট পেয়ে গিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে যাওয়ার পরই এই বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে।
গিল গত সেপ্টেম্বর মাস থেকে এশিয়া কাপ থেকে শুরু করে টানা চারটি সিরিজে দেশের হয়ে খেলেছেন। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক এবং একদিনের দলের অধিনায়ক হিসেবে তিন ফর্ম্যাটেই তাঁর উপস্থিতি ছিল বাধ্যতামূলক। এই লাগাতার খেলার ফলস্বরূপ ইডেন গার্ডেন্সে তাঁর ঘাড়ে চোট লাগে, যার ফলে সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ টেস্ট থেকে তিনি বাইরে চলে যান।তবে শুভমান গিলের কাজের চাপ নিয়ে চলা এই আলোচনাকে সরাসরি উড়িয়ে দিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। দ্বিতীয় টেস্টের আগে এক ‘মিডিয়া ডে’-তে জিওস্টার বিশেষজ্ঞ আকাশ চোপড়া জানান যে, তিনি এই বিষয়টি নিয়ে গম্ভীরকে জিজ্ঞেস করেছিলেন। উত্তরে গম্ভীর স্পষ্ট ভাষায় বলেছিলেন যে, যদি শুভমান গিলের বিশ্রামের দরকার হয়, তাহলে তাঁর ‘আইপিএল বাদ দেওয়া উচিত’।
আকাশ চোপড়া কোচের বক্তব্য উল্লেখ করে বলেন “আমি ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে এই প্রশ্নটা গৌতমকে করেছিলাম। ওর বক্তব্য ছিল, যদি কাজের চাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, তাহলে আইপিএল খেলো না। যদি আইপিএল দলের নেতৃত্ব দেওয়া চাপ মনে হয়, তবে অধিনায়কত্ব ছেড়ো। কিন্তু ভারতের হয়ে খেলার সময় যদি তুমি শারীরিকভাবে ফিট থাকো এবং মানসিকভাবে ক্লান্ত না হও, তবে খেলতে হবে।”গম্ভীরের এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন আকাশ চোপড়াও। তিনি বলেন, একজন ব্যাটারের জন্য যখন ভালো ফর্ম চলে, তখন সেটি কাজে লাগানো সবচেয়ে জরুরি। কারণ খারাপ ফর্ম কখন আসে, তা কেউ জানে না।
চোপড়ার মতে, যদি ফিটনেস নিয়ে কোনো বড় সমস্যা না থাকে এবং মানসিক ক্লান্তি না আসে, তবে একজন খেলোয়াড়ের উচিত ফর্ম থাকা পর্যন্ত যতটা সম্ভব বেশি খেলা।বর্তমানে শুভমান গিলকে কমপক্ষে ১০ দিনের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় বোর্ড আশা করছে, আগামী ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা একদিনের আন্তর্জাতিক সিরিজের আগেই তিনি পুরোপুরি সেরে উঠবেন।







