উত্তরপাড়ায় বুধবার সন্ধ্যায় তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যোগ দিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে তুললেন সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রতীকূর রহমান। ঢাক বাজিয়ে, ফুল ছিটিয়ে শীর্ষণ্যের রোডশো চলাকালীনই বামেদের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন তিনি।
প্রতীকূর বলেন,
“হুগলির গঙ্গার পাড়ে যত চটকল ছিল, ইউনিয়নবাজি করে সব বন্ধ করে দিয়েছে বামেরা। এখন শিল্প নেই শিল্প নেই বলে কান্নাকাটি করলে চলবে না। বামেরা কনসা কর্মসংস্থান করেছিল?”
সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে উদ্দেশ করে তিনি আরও বলেন,
“সিপিএমের কি কোনও প্রাসঙ্গিকতা আছে এখন? শূন্য পাওয়া একটা দল এত চিৎকার করলেই হবে না। আগে প্রাসঙ্গিকতা প্রমাণ করুক, তারপর কথা হবে।”
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতীকূর দাবি করেন, বিজেপি এবারের ভোটে ‘গোহারা হারবে’। পাশাপাশি ফর্ম-৬ নিয়ে গুরুতর অভিযোগও তোলেন তিনি।
তাঁর কথায়,
“৬০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার পরেও বস্তায় ভরে ফর্ম-৬ নেওয়া হচ্ছে। বিহার, উত্তরপ্রদেশ থেকে ভোটার ঢোকানোর চেষ্টা চলছে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিছুদিন আগেই তৃণমূলে যোগ দেন প্রতীকূর রহমান। ফলে উত্তরপাড়া কেন্দ্রে এই মন্তব্য আরও বাড়িয়েছে রাজনৈতিক বিতর্কের পারদ।
উত্তরপাড়া এখন রাজ্যের নজরকাড়া আসনগুলোর মধ্যে অন্যতম—একদিকে তৃণমূল শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের স্থানীয় জনপ্রিয়তার ওপর ভরসা রাখছে, অন্যদিকে বামেরা মীনাক্ষী মুখোপাধ্যায়ের মাধ্যমে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে।







