লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন দুশ্চিন্তা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে লক্ষ্মীবারের ম্যাচে পাওয়া যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। দুই তারকারই চোট সমস্যা পুরোপুরি কাটেনি বলে বুধবার দলের তরফে জানানো হয়েছে।
চলতি মরসুমে এখনও পর্যন্ত সেরা তালিকায় নেই দুই প্রধান স্পিনার। প্রথম দু’ম্যাচে ওভারের কোটা শেষ করতে পারেননি বরুণ চক্রবর্তী। অন্যদিকে নারিনও ছিলেন কার্যত ছায়ামাত্র। তবে তা সত্ত্বেও তাঁদের বেঞ্চে বসিয়ে দেওয়ার সিদ্ধান্তে তীব্র আলোচনার ঝড় উঠেছিল। ইডেনে গত সোমবার শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে কেকেআর দুই অভিজ্ঞ স্পিনারকে ছাড়াই দল নামায়। পরে ফ্র্যাঞ্চাইজি স্পষ্ট করে দেয়—দু’জনেরই ছোটখাট চোট সমস্যা ছিল।
দল সূত্রের খবর, নারিনের পেটে সংক্রমণজনিত সামান্য সমস্যা হয়েছে। যদিও বর্তমানে তিনি অনেকটাই সেরে উঠেছেন। বরুণ চক্রবর্তী সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান। দু’জনই অনুশীলনে যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু তাঁদের ম্যাচে পাওয়া যাবে কি না—সেটা নির্ভর করবে টসের ঠিক আগের মেডিক্যাল মূল্যায়নের উপর। কেকেআর জানাচ্ছে, সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ ডে স্ক্যান এবং ওয়ার্ম-আপ সেশনের পরিস্থিতি দেখে।
লিগের প্রথম দুই ম্যাচে টানা হার। তারপর বৃষ্টিবিঘ্নিত ইডেন ম্যাচ থেকে কেবল একটি ‘মহার্ঘ’ পয়েন্ট—এখনও পর্যন্ত সুখবর বলতে সেটাই। বৃহস্পতিবার লখনউ-এর বিপক্ষে সামনে বড় চ্যালেঞ্জ। দলের পারফরম্যান্স নিয়ে বাইরে যতই আলোচনা ও সমালোচনা চলুক, ড্রেসিংরুমে তার কোনও প্রভাব নেই বলেই দাবি কেকেআর শিবিরের।
এখন নজর শুধু একটি প্রশ্নে—
নারিন ও বরুণকে ছাড়া কেমন হবে নাইটদের কম্বিনেশন? আর পাওয়া গেলে তাঁরা আদৌ ছন্দে ফিরতে পারবেন কি?
লখনউয়ের বিরুদ্ধে ম্যাচেই মিলবে তার উত্তর।







