আইএসএল প্লে-অফের দৌড় শেষ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। এখন বাকি ম্যাচগুলো শুধুই সম্মান রক্ষার লড়াই। তবে রবিবার মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে মিনি ডার্বির আগেও চিন্তার শেষ নেই কোচ অস্কার ব্রুজোর। কারণ, একসঙ্গে দু’জন গুরুত্বপূর্ণ ফুটবলার চোট পেয়ে পড়ে থাকায় দল গঠনে বড়সড় সমস্যায় পড়তে হচ্ছে ইস্টবেঙ্গলকে।
বুধবার অনুশীলনে চোট পান মিডফিল্ডার রিচার্ড সেলিস। বৃহস্পতিবার দলের সঙ্গে এলেও পুরো সময় ড্রেসিংরুমের পাশেই বসে ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মহমেডান ম্যাচে খেলার সম্ভাবনা নেই, এমনকি পাঞ্জাব ম্যাচেও তিনি অনিশ্চিত। একই দিনে আরও একটি ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। কুঁচকির চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন ডিফেন্ডার জিকসন সিং। বড় ম্যাচে আনোয়ারের সঙ্গে স্টপার জুটি হিসেবে তাঁকে খেলানোর পরিকল্পনা করেছিল কোচিং স্টাফ, কিন্তু তা সম্ভব হচ্ছে না।
এদিকে, স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট, তার ওপর তিনি অনুশীলনেও অনিয়মিত। তবে ডিফেন্সের চোট সমস্যা এতটাই তীব্র যে, ব্রুজো শেষ মুহূর্তে হেক্টরকে নামানোর ঝুঁকি নিতে পারেন। না হলে আনোয়ারের সঙ্গে স্টপারে দেখা যেতে পারে প্রভাত লাকরাকে।
স্ট্রাইকারদের গোল-খরায় প্লে-অফের আশা আগেই শেষ ইস্টবেঙ্গলের। এবার ডার্বির আগে চোটের ধাক্কায় দল আরও পিছিয়ে পড়েছে। ফলে রবিবারের ম্যাচে লাল-হলুদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।







