প্রাথমিকের ১৪৩ জন শিক্ষকের চাকরি বাতিল, বেতনও বন্ধ। এই সিদ্ধান্তেই অনড় থাকল কলকাতা উচ্চ আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন। প্রসঙ্গত, এর আগে প্রাথমিকের ২৬৮ জনের চাকরি বাতিল ও বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আসালতের দ্বারস্থ হন ওই ২৬৮ জন। সুপ্রিম কোর্টের তরফে সেই মামলা আবার কলকাতা হাইকোর্টে পাঠানো হয়। সেই মামলাতেই উক্ত নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তবে এদের মধ্যে আপাতত তিনজনের চাকরি বাতিল করা হয়নি। কারণ, এই তিনজনের আরও নথি খতিয়ে দেখা হবে। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, এই তিনজনের নথি আরও একবার খতিয়ে দেখা হবে। তারপর ফের শুনানি হবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে এই তিনজনের চাকরি বাতিল হবে নাকি বহাল থাকবে।
এসবের পূর্বে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৯ জনকে বরখাস্ত করা হয়। সেটাও হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই। ২৩ ডিসেম্বরের শুনানিতে বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের হলফনামা খতিয়ে দেখে প্রথম দফায় তাঁদেরই ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এঁদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।







