নিজস্ব সংবাদদাতা : প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভে নেমেছে ভোট কর্মীরা। এই ঘটনা ঘটেছে পার্ক সার্কাসে । এছাড়াও এই বিক্ষোভ পূর্ব বর্ধমান থেকে বাঁকুড়া, উত্তর ২৪ পরগণা -সহ একাধিক জায়গায় ভোটকর্মীরা করেছেন এমনটাই সুত্রের খবর । তবে তাঁরা দাবিতে অনড়। তাঁদের দাবি, “ভোট করতে যাওয়া থেকে বাড়ি ফেরা পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে।”
উল্লেখ্য রাজ্যে ৮ জুলাই একদফায় পঞ্চায়েত নির্বাচন হবে। পঞ্চায়েত ভোটের আর মাত্র ১৫ দিন বাকি । এখন প্রশ্ন উঠছে, ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়ে সাড়ে ৬১ হাজারেরও বেশি বুথে নির্বিঘ্নে ভোট করানো সম্ভব হবে ? নাকি আরও সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন ? সূত্র মারফত খবর, এই প্রেক্ষাপটে আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জন্য আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আর প্রতিটি ভোটকেন্দ্রে এদিন কেন্দ্রীয় বাহিনীর দাবিতে পথে নামে ভোট কর্মীরা। এদিন পার্কসার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ ছিল ভোটকর্মীদের । তাঁরা নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভ দেখান ।
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগেই জারি করেছিল রাজ্য নির্বাচন কমিশনের সুপারিশ মেনে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিজ্ঞপ্তি। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বাহিনী-নির্দেশের পর, আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর রিকুইজিশন দেয়। তবে অমিত শাহের মন্ত্রক গতকাল আরও ৩১৫ কোম্পানি বাংলায় পাঠানোর নির্দেশিকা জারি করল । যার মধ্যে ২০০ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স আসছে । তার মধ্যে ৬০ কোম্পানি BSF, ২০ কোম্পানি RPF, ৫০ কোম্পানি CRPF,CISF থাকছে ২৫ কোম্পানি, ২০ কোম্পানি ITBP, এবং ২৫ কোম্পানি SSB থাকছে। এমনকি বিভিন্ন রাজ্যের স্পেশাল আর্মড পুলিশের ১১৫ কোম্পানি বাহিনী পাঠানোর নির্দেশিকা জারি করা হয়েছে।







