উত্তরাখণ্ডের হিমালয়ের কোলে অবস্থিত বদ্রীনাথ ধাম হিন্দুধর্মের চার ধামের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান। প্রাচীন ঐতিহ্য, পৌরাণিক কাহিনি এবং নানা রহস্যে ঘেরা এই মন্দির যুগে যুগে ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতি বছর তীব্র শীতের কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার।
২০২৬ সালে এই পবিত্র মন্দিরটি ভক্তদের জন্য খুলবে ২৩ এপ্রিল, যা সাধারণত অক্ষয় তৃতীয়া উপলক্ষে নির্ধারিত হয়। এই দিন থেকেই শুরু হয় চার ধাম যাত্রা।
বদ্রীনাথ মন্দিরের অন্যতম আকর্ষণ তার ‘তিনটি চাবির’ প্রথা। মন্দিরের গর্ভগৃহ খোলার জন্য তিনটি আলাদা চাবি প্রয়োজন হয়, যা থাকে তেহরি রাজপরিবারের কুল পুরোহিত, মেহতা পরিবার এবং ভান্ডারী পরিবারের কাছে। এই তিন পক্ষের উপস্থিতি ছাড়া মন্দির খোলা সম্ভব নয়।
মন্দির খোলার পর প্রথম প্রবেশাধিকার থাকে প্রধান পুরোহিত বা রাওয়ালের। তিনি প্রথমে গর্ভগৃহে প্রবেশ করে শুদ্ধিকরণ ও পূজা সম্পন্ন করেন, তারপরই সাধারণ ভক্তদের জন্য দর্শনের অনুমতি দেওয়া হয়।
‘বদ্রীনাথ’ নামটির পেছনেও রয়েছে এক সুন্দর পৌরাণিক কাহিনি। বলা হয়, ভগবান বিষ্ণু যখন এখানে তপস্যা করছিলেন, তখন তুষারপাত থেকে তাঁকে রক্ষা করতে দেবী লক্ষ্মী বদ্রী (কুল) গাছের রূপ ধারণ করেন। সেই থেকেই এই স্থানের নাম হয় বদ্রীনাথ।
মন্দিরে এক মিটার উঁচু কৃষ্ণবর্ণের ধ্যানরত বিষ্ণুমূর্তি পূজিত হয়। পাশাপাশি কুবের ও লক্ষ্মী-নারায়ণের মূর্তিও এখানে বিরাজমান। ‘পঞ্চবদ্রী’-র মধ্যে এটিই প্রধান তীর্থস্থান হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।







