প্রকৃতির প্রবল রোষে বিপর্যস্ত উত্তরবঙ্গ । দুর্যোগপূর্ণ পরিস্থিতি খতিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবারই উত্তরবঙ্গে গমন । তবে রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । জানিয়ে দিলেন , উত্তরবঙ্গের বিপর্যস্ত পরিস্থিতিতে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহযোগিতার কথা । পাশাপাশি , মুখ্যমন্ত্রী এদিন বলেন , একজন করে মৃতদের পরিবার থেকে হোমগার্ডের চাকরি পাবে । উল্লেখ্য , এই দুর্যোগকে ইচ্ছেকৃত বলেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রকৃতির রুদ্ররোষে ছারখার উত্তরবঙ্গ । কয়েকঘন্টার লাগাতার বৃষ্টি আর ভুটান থেকে নেমে আসা জল , সৃষ্টি করেছে বন্যা পরিস্থিতির । শনিবারই উত্তরবঙ্গ তছনছ হয়ে যাওয়ার পর , রবিবার সকাল থেকেই চলছে উদ্ধারকাজ। এবং পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গের উদ্দেশ্য রওনা দেন মুখ্যমন্ত্রী। তবে রওনা দেওয়ার আগেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন , “কতটা জল সামলাব? বিহার, উত্তরপ্রদেশ থেকে জল আসছে। গঙ্গা টইটম্বুর। ডিভিসি ইচ্ছেমতো জল ছেড়ে চলেছে। মাইথন, ডিভিসন, পাঞ্চেতের জন্য জলযন্ত্রণা ভোগ করছি লাগাতার। কলকাতার কী অবস্থা হয়েছিল সেদিন। এদিকে ভুটান, সিকিমের জলে নাগরাকাটা, ধূপগুড়ির ভয়ংকর অবস্থা। ম্যান মেড বন্যায় এতগুলো প্রাণ গেল।”
এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আর্থিক সাহায্যেরও । বলেন , “মৃত্যুর তো কোনও ক্ষতিপূরণ হয় না। তবে যারা পরিবারের সদস্যরা রইলেন, তাঁদের তো বাঁচতে হবে, তাই পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।”
পাশাপাশি আটকে পড়া পর্যটকদের জন্য , মুখ্যমন্ত্রী জানিয়েছেন , এইকদিন হোটেল থেকে যেন তাদের কাছ থেকে কোনরকম টাকা নেওয়া না হয় । আটকে পড়া পর্যটকদের সমস্ত খরচ বহন করবে সরকার । পাশাপাশি যারা আটকে রয়েছেন , রাজ্য সরকার উদ্যোগ নিয়ে তাদের ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।







