রাজ্য

প্রথম দফায় ভোট পড়েছে রেকর্ড হারে , এবার তাতে উচ্ছ্বাস ব্যক্ত করলেন প্রধান বিচারপতি

২৩ তারিখ , বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোট । আর এবারের ভোটে স্বাধীনতার পর সর্বকালের রেকর্ডতম ভোট পড়েছে । ২০২৬ এর ভোট রেকর্ড ভেঙে দিয়েছে ২০২১ এরও । ভোট পড়েছে ৯০ শতাংশেরও বেশি । এত সংখ্যক ভোট পড়ায় , উচ্ছ্বাস প্রকাশ করেছেন , নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই । আর এবার , পশ্চিমবঙ্গে প্রথম দফায় এত বেশি শতাংশ হারে ভোট পড়ায় খুশি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তও । তিনি বলেন , “দেশের একজন নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গের ভোটের হার দেখে আমি খুব খুশি।”

পশ্চিমবঙ্গে ভোটদানের হার নিয়ে এদিন একই ধরনের মন্তব্য শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তুষার মেহেতা-র কাছ থেকে। সুপ্রিম কোর্ট-এ রাজ্যের ভোটের হার প্রসঙ্গে প্রথমে বক্তব্য রাখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “ট্রেনে করে বহু পরিযায়ী ভোটার ভোট দিতে ফিরেছেন, এবং কোথাও কোনো হিংসার ঘটনা ঘটেনি।” তাঁর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন তুষার মেহেতা। তিনি বলেন, “নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে। ৯২ শতাংশ ভোটদান সত্যিই নজিরবিহীন।” এরপর বাংলার ভোট প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, “রাজাদের লড়াইয়ে সাধারণ মানুষের ক্ষতি হয়।”

অন্যদিকে, আজ আদালতেই ৪ মে কমিশনের আইনজীবী ডি এস নাইডু-কে নিজের বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে রসিকতা করে বিচারপতি বাগচি বলেন, “আগে হলে এই দায়িত্ব আমি নিতাম।”

এসআইআর মামলার শুনানিতে আজ প্রধানত ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, “২৭ লক্ষ মামলার মধ্যে মাত্র ১৩৯টির নিষ্পত্তি হয়েছে। নির্বাচন শেষ পর্যায়ে পৌঁছেছে, তাই আমরা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।” তাঁর এই আবেদন শুনে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, নাম সংক্রান্ত বিষয়গুলির নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্ট-এর প্রধান বিচারপতির কাছে যাওয়া যেতে পারে।

প্রধান বিচারপতি আরও বলেন, “১৩ এপ্রিলের নির্দেশে আমরা বেশিরভাগ বিষয়েই দিকনির্দেশ দিয়েছি। এরপর প্রতিদিনের শুনানিতে নতুন কিছু বিষয় সামনে আসতে পারে, যেগুলির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বা ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে হবে। যাদের নাম ভুলভাবে বাদ পড়েছে বলে মনে হচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ আমরা আগেই ট্রাইব্যুনালকে দিয়েছি। জরুরি শুনানির প্রয়োজন হলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.