আম আদমি পার্টির অন্দরে দীর্ঘদিনের চাপা ক্ষোভ অবশেষে বিস্ফোরিত। দলের অন্যতম মুখ Raghav Chadha-র নেতৃত্বে রাজ্যসভার সাতজন সাংসদ দল ছেড়ে Bharatiya Janata Party-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই নাটকীয় পদক্ষেপে দিল্লির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে এবং বড় চাপে পড়েছেন দলের প্রধান Arvind Kejriwal।
সূত্রের খবর, এই দলবদল কোনও আকস্মিক সিদ্ধান্ত নয়। গত কয়েক মাস ধরেই দলের ভিতরে অসন্তোষ বাড়ছিল। প্রথমে দীপাবলির সময় এই পদক্ষেপের পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায়। পরে অগস্টে দলত্যাগের সম্ভাবনা তৈরি হয়, বিশেষ করে পাঞ্জাবে রাজনৈতিক লড়াইকে সামনে রেখে। কিন্তু গত ৫ এপ্রিল রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তই পরিস্থিতি বদলে দেয়। অপমানের জবাব দিতেই দ্রুত পদক্ষেপ করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু রাজনৈতিক নয়, আইনি দিক থেকেও কৌশলী পদক্ষেপ। রাজ্যসভায় আপ-এর মোট ১০ জন সাংসদের মধ্যে ৭ জনকে পাশে নিয়ে রাঘব দলত্যাগ বিরোধী আইনের ফাঁদ এড়িয়েছেন। ফলে তাঁদের সাংসদ পদ খারিজ হওয়ার আশঙ্কা কার্যত নেই।
এই ভাঙনের কারণ হিসেবে রাঘব সরাসরি দলের নেতৃত্বকেই দায়ী করেছেন। তাঁর অভিযোগ, দল তার মূল আদর্শ থেকে সরে গেছে এবং অভ্যন্তরীণ গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে বড় রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছে, বিশেষ করে আগামী পাঞ্জাব নির্বাচনের প্রেক্ষাপটে।
এই পরিস্থিতিতে Arvind Kejriwal-এর সামনে বড় চ্যালেঞ্জ—দলের ভিতরে ভাঙন সামাল দেওয়া এবং জাতীয় রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা ধরে রাখা।।







