দ্বিতীয় দফার ভোটের মুখে ফের উত্তাল উত্তর ২৪ পরগনা। শনিবার ভোরে হাবড়ায় একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাল Enforcement Directorate (ইডি)। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চালানো এই অভিযানে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, রেশন বণ্টন দুর্নীতি মামলার সূত্র ধরেই এই তল্লাশি।
ইডি সূত্রে জানা গিয়েছে, প্রথমে জয়গাছি নেতাজি রোডের বাসিন্দা ব্যবসায়ী সমীর চন্দের বাড়িতে হানা দেয় বিশেষ টিম। পাশাপাশি সাগর সাহার বাড়িতেও চলছে তল্লাশি। অভিযোগ, কোভিড পরিস্থিতিতে Food Corporation of India (এফসিআই) থেকে বরাদ্দ বিপুল পরিমাণ গমে কারচুপি করে তা সীমান্ত পেরিয়ে পাচারের চেষ্টা হয়েছিল। প্রায় ৫ হাজার টনেরও বেশি গম বাংলাদেশে পাঠানোর ছক কষা হয়েছিল বলে দাবি। সেই সময় ১৭১টি ট্রাক আটক হয়, যার বাজারমূল্য ছিল আনুমানিক ১৬ কোটি টাকা।
তদন্তকারীদের সন্দেহ, সরকারি নথি জাল করে কিছু রফতানিকারকের মাধ্যমে এই পাচার চক্র পরিচালিত হয়েছিল। সেই তালিকায় হাবড়ার একাধিক ব্যবসায়ীর নাম উঠে এসেছে। ইডি এখন সেই সময়কার আর্থিক লেনদেন, ব্যাঙ্ক নথি ও সম্পত্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে। অভিযোগ, গরিব মানুষের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী কালোবাজারে বিক্রি করে বিপুল পরিমাণ কালো টাকা তৈরি হয়েছে, যা পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে সাদা করা হয়েছে।
রাজনৈতিক মহলেও এই অভিযানের তাৎপর্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, হাবড়া কেন্দ্র থেকেই এবার প্রার্থী হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী Jyotipriya Mallick, যিনি এই মামলায় আগে গ্রেফতার হয়ে বর্তমানে জামিনে রয়েছেন। ভোটের ঠিক আগে তাঁর কেন্দ্রেই এই তল্লাশি ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
এদিকে, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ইডি আধিকারিকরা বাড়ির ভেতরে নথি খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদও করছেন। তদন্তে নতুন কোনও প্রভাবশালী যোগসূত্র সামনে আসে কি না, এখন সেদিকেই নজর সবার।







