মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিলেও, শেষমেশ ভারতের ওপর চাপ তৈরি করতে ব্যর্থ হচ্ছে আমেরিকা। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য দিল্লির ঘাড়ে শুল্কের বোঝা চাপানো হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় পণ্যের ওপর ধার্য করা হয়েছে অতিরিক্ত ট্যারিফ, যা রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা। ফলে মার্কিন বাজারে ভিয়েতনাম, বাংলাদেশ কিংবা পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দেওয়া ভারতের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু এই চাপের মাঝেই অন্য রাস্তা খুঁজে নিয়েছে নয়াদিল্লি। শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত করার দিকে এগোচ্ছে ভারত। নয়াদিল্লি কূটনৈতিক সূত্রে খবর, আগামী সপ্তাহেই ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ প্রতিনিধিরা ভারতে আসছেন। আলোচনার টেবিলে থাকছে বাজারে প্রবেশাধিকারের প্রসঙ্গ, কৃষিজাত পণ্যের ওপর শুল্ক, এমনকি ওয়াইন ও দুগ্ধজাত সামগ্রীর মতো সংবেদনশীল ক্ষেত্রেও মতবিনিময় হবে।
দীর্ঘদিন ধরেই আলোচনায় ঝুলে থাকা এই চুক্তিকে চূড়ান্ত করার চেষ্টা চলছে বছরের শেষের মধ্যেই। কারণ ট্রাম্পের শুল্কবাজির জেরে ভারত এখন নতুন বাণিজ্যিক দিগন্ত খুঁজতে মরিয়া। আর ইউরোপীয় ইউনিয়ন সেই সুযোগ এনে দিতে পারে। শুধু গত অর্থবছরেই ভারত–ইইউ দ্বিপাক্ষিক বাণিজ্যের অঙ্ক ছুঁয়েছে প্রায় ১৩৫ বিলিয়ন ডলার।
তথ্য অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর ভারত সংক্রান্ত নতুন নীতি প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন। তারপরেই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে চুক্তির। এর আগে ভারত সফরে আসছেন ইইউ কৃষি কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন এবং বাণিজ্য প্রধান মারোস সেফকোভিচ। তাঁদের উপস্থিতিতেই শেষ দফার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল।
স্পষ্ট হচ্ছে—আমেরিকার বাজার যদি বন্ধও হয়ে যায়, ইউরোপের দরজা খুলে দিতে চাইছে ভারত।







