রাজনীতিরাজ্য

উৎসবের মরশুম শেষেই পুরভোটের প্রস্তুতি, ২৫ নভেম্বর ৭ পুরসভায় ভোটের সম্ভাবনা

উৎসবের মরশুম শেষ হওয়ার পরই রাজ্যে পুরভোটের দামামা বাজতে পারে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২৫ নভেম্বর কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়াং—এই সাতটি পুরসভায় ভোটগ্রহণ হতে পারে। সব মিলিয়ে ওই সাত পুরসভায় ৬৩০১টি বুথে ভোট নেওয়ার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে ভোটের প্রস্তুতি।

ভোটের যাবতীয় রূপরেখা চূড়ান্ত করতে শুক্রবার সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। বৈঠকে কোন পুরসভায় কতগুলি ইভিএম এবং কত সংখ্যক নিরাপত্তাকর্মীর প্রয়োজন হবে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই সংশ্লিষ্ট জেলাগুলিতে ইভিএম পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।

বর্তমানে রাজ্যের ১২টি জেলার ১৫টি পুরসভায় নির্বাচিত পুরবোর্ড নেই। প্রশাসকদের মাধ্যমে সেখানকার পুর পরিষেবা পরিচালিত হচ্ছে। এই তালিকায় রয়েছে হাওড়া পুরসভাও। সেখানে প্রায় ১৩ বছর ধরে পুর নির্বাচন হয়নি। শেষবার ২০১৩ সালে হাওড়া পুরসভায় নির্বাচন হয়েছিল এবং ২০১৮ সালে নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়।

নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই পুর নির্বাচন দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। মন্ত্রিসভা গঠনের পর পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালও হাওড়া-সহ দীর্ঘদিন ধরে নির্বাচন আটকে থাকা পুরসভাগুলির ভোট নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন।

হাওড়া ছাড়াও দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি এমন পুরসভাগুলির মধ্যে রয়েছে দুর্গাপুর, বুনিয়াদপুর, পূজালি, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, পাঁশকুড়া, হলদিয়া, কুপার্স ক্যাম্প, নলহাটি, বালি এবং ধূপগুড়ি। প্রশাসন সূত্রের দাবি, এই পুরসভাগুলির অধিকাংশের শেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালে।

অন্যদিকে, আগামী বছরের শুরুতেই রাজ্যের আরও ১১২টি পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে। ফলে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়া পুরসভা এবং মেয়াদ শেষ হতে চলা পুরসভাগুলিকে মিলিয়ে আগামী ন’মাসের মধ্যে মোট ১২৭টি পুরসভার নির্বাচন সম্পন্ন করা এখন নবান্ন এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.