খেলাধুলা

একসময় বিরাটের রুম মেট ৩৬ বছরেই প্রয়াত প্রাক্তন ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার অমনপ্রীত সিং গিল, শোকস্তব্ধ ক্রিকেটমহল

পাঞ্জাব ক্রিকেটে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন প্রাক্তন ভারত অনূর্ধ্ব-১৯ ও পাঞ্জাবের পেসার অমনপ্রীত সিং গিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। চণ্ডীগড়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবুও অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেটমহল।
অমনপ্রীত সিং গিল একসময় ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০০৭ সালে ভারতের হয়ে পাঁচটি যুব একদিনের ম্যাচ এবং একটি যুব টেস্টে প্রতিনিধিত্ব করেন তিনি। সেই সময় তাঁর সতীর্থ ছিলেন বর্তমান ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় নাম বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে যুব টেস্ট সিরিজে তিনি প্রাক্তন অলরাউন্ডার থিসারা পেরেরার উইকেটও তুলে নিয়েছিলেন। তবে ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলেও সেই দলে জায়গা হয়নি অমনপ্রীতের।
ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে ছ’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচগুলিতে মোট ১১টি উইকেট শিকার করেছিলেন ডানহাতি এই পেসার। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে কিংস ইলেভেন পাঞ্জাব দলেরও অংশ ছিলেন তিনি। ক্রিকেটজীবন শেষে পাঞ্জাব ক্রিকেট সংস্থার সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবেও কাজ করেন।
অমনপ্রীতের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাদের তরফে জানানো হয়েছে, প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক হিসেবে তাঁর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংও সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, “কেরিয়ারের শুরুর দিকে ওর সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছি। অমনপ্রীত ছিল শান্ত ও পরিশ্রমী ক্রিকেটার। খেলাটাকে ভীষণ ভালোবাসত।”
পাঞ্জাব কিংসও তাদের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে অমনপ্রীতের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.