আর্সেনাল (Arsenal F.C.) এবার চ্যাম্পিয়নস লিগ জিতলে কি তাদের হাতে উঠবে ‘সোনার ট্রফি’? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই জল্পনাই তুঙ্গে। কারণ, মিকেল আর্তেতার দল এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। অনেক সমর্থকের বিশ্বাস, ২০০৪ সালের ঐতিহাসিক ‘ইনভিন্সিবলস’ মরসুমের মতো এবারও বিশেষ সম্মান জানাতে পারে উয়েফা (UEFA)।
তবে বাস্তবে এমন কোনও নিয়ম নেই। আর্সেনাল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলেও তারা আলাদা কোনও ‘গোল্ডেন চ্যাম্পিয়নস লিগ ট্রফি’ পাবে না। উয়েফার বর্তমান নিয়ম অনুযায়ী, সব চ্যাম্পিয়ন দলকেই একই স্টার্লিং সিলভারের ট্রফি দেওয়া হয়।
এই গুজবের সূত্রপাত ২০০৪ সালে। সেই মরসুমে আর্সেনাল পুরো প্রিমিয়ার লিগে (Premier League) একটিও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয়েছিল। ঐতিহাসিক সেই সাফল্যের জন্য প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ক্লাবকে বিশেষ সোনালি ট্রফি উপহার দেয়। এরপর থেকেই অনেকের ধারণা, ইউরোপের সর্বোচ্চ মঞ্চেও অপরাজিত চ্যাম্পিয়নদের জন্য আলাদা সম্মান থাকতে পারে।
কিন্তু বাস্তব উদাহরণ বলছে অন্য কথা। ২০১৯-২০ মরসুমে বায়ার্ন মিউনিখ (FC Bayern Munich) চ্যাম্পিয়নস লিগে প্রতিটি ম্যাচ জিতে শিরোপা জিতেছিল। তবুও তারা পেয়েছিল একই রুপোর ট্রফি। আবার ২০২৩ সালে ম্যানচেস্টার সিটি (Manchester City F.C.) অপরাজিত থেকেই ইউরোপ সেরা হয়েছিল, কিন্তু তাদের জন্যও কোনও বিশেষ সোনার ট্রফির ব্যবস্থা করা হয়নি।
তাই আর্সেনাল যদি এবার ইউরোপ সেরা হয়, ট্রফির রং বদলাবে না ঠিকই, কিন্তু বদলে যাবে ক্লাবের ইতিহাস। ২০০৬ সালের ফাইনালে বার্সেলোনার (FC Barcelona) কাছে হারার পর এই প্রথম আবার ইউরোপের সেরা হওয়ার এত কাছাকাছি পৌঁছেছে উত্তর লন্ডনের ক্লাব। সোনার নয়, রুপোর ট্রফিই তখন হয়ে উঠবে আর্সেনালের সবচেয়ে মূল্যবান অর্জন।







