খেলাধুলা

অ্যাডিলেডে আত্মসমর্পণ, শুভমন গিলের নেতৃত্বে সিরিজ খোয়ালো ভারত

টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজ ড্র করলেও, ওয়ানডে ক্রিকেটে শুভমন গিলের নেতৃত্বের শুরুটা হলো অত্যন্ত লজ্জাজনকভাবে। এক ম্যাচ বাকি থাকতেই অজিভূমে সিরিজ হারলো ভারত। পরপর দুটো ম্যাচ জিতে সিরিজ জয় করে ফেলল অস্ট্রেলিয়া।পারথের মতো অ্যাডিলেডেও মেন ইন ব্লুকে ভোগালো ব্যাটিং। প্রথমে ব্যাট করে ২৬৪ রান তোলে রোহিত শর্মারা, কিন্তু খুব অনায়াসেই এই রান তুলে ফেলে অজিরা।বৃহস্পতিবার ফের টস হারেন অধিনায়ক শুভমন গিল। এই নিয়ে টানা ১৭ বার। টস হেরে কঠিন পরিস্থিতিতে আগে ব্যাট করতে নামতে হয় টিম ইন্ডিয়াকে।

গত দুদিন ধরে প্রবল বৃষ্টির জেরে পিচ ভেজা থাকায় তা রীতিমতো ভয়ংকর করে তোলে মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডকে। কঠিন পরিস্থিতিতে ধীরে সুস্থে শুরু করার চেষ্টা করেন রোহিত শর্মা, কিন্তু অন্য প্রান্ত থেকে আক্রমণ শানাতে গিয়ে মাত্র ৯ রানেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক গিল। এদিন ফের ব্যার্থ হন বিরাট কোহলি। পারথের পর অ্যাডিলেডেও তাঁর সংগ্রহ শূন্য। রোহিতের সঙ্গে জুটি বেঁধে ভারতকে অনেকখানি এগিয়ে দেন শ্রেয়স আইয়ার। ৯৭ বলে ৭৩ রানের লড়াকু ইনিংস খেলেন ‘হিটম্যান’। শ্রেয়সও ৭৭ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন। পাঁচ নম্বরে নেমে অক্ষর প্যাটেল ৪৪ রান করেন। একেবারে শেষদিকে পালটা লড়াই শুরু করেন হর্ষিত রানা এবং অর্শদীপ সিং। নবম উইকেটের জুটিতে তাঁরা ৩৭ রান তোলেন। ভারত থামে ২৬৪ রানে।

রান তাড়া করতে নেমে শুরুর দিকে খানিকটা বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৫৪ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড। তবে সেখান থেকে ম্যাথিউ শর্টের ৭৪ রানের ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ায় অজিরা। এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি। ম্যাট রেনশ এবং কুপার কনোলিদের ছোট ছোট ইনিংসে ভর করে দ্বিতীয় ওয়ানডে জিতে নেয় অস্ট্রেলিয়া। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হেরে যায় ভারত। আগামী শনিবার সিডনিতে নিয়মরক্ষার ম্যাচে নামছে দুই দল। সেই ম্যাচে বিরাটের পারফরম্যান্সের দিকে নজর থাকবে ক্রিকেটমহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.