খেলাধুলা

কলকাতা থেকে দিল্লি! মোঃ শামির দাম্পত্য বিচ্ছেদের মামলা ঘিরে তুঙ্গে জল্পনা

ভারতীয় ক্রিকেটের তারকা পেসার মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের দীর্ঘদিনের দাম্পত্য বিবাদ এবার নতুন আইনি মোড়ে। গার্হস্থ্য হিংসা ও খোরপোশ সংক্রান্ত মামলাগুলি কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের আবেদন জানিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন হাসিন জাহান। প্রাথমিক শুনানির পর শামির কাছে নোটিশ পাঠিয়ে তাঁর মতামত জানতে চেয়েছে আদালত।

২০১৮ থেকে শুরু হওয়া এই বিরোধ ইতিমধ্যেই একাধিক আইনি ধাপ পেরিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বড় পেসার মহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ, শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রসঙ্গও তুলেছিলেন হাসিন জাহান। পরে খোরপোশের দাবিতে মামলা গড়ায় আলিপুর আদালতে। নিম্ন আদালত মাসিক ৫০ হাজার টাকা খোরপোশের নির্দেশ দিলেও, সেই অঙ্কে অসন্তোষ প্রকাশ করে উচ্চতর আদালতের দ্বারস্থ হন তিনি। এবার মামলার স্থানান্তর চেয়ে জাহানের একাধিক যুক্তি রয়েছে। তার মধ্যে অন্যতম হলো দিল্লিতে থাকলে ব্যক্তিগত সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রসঙ্গ।

পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে শামির দিল্লি যাতায়াত বেশি। তাই সেই বিষয়টাও আদালতের নজরে আনা হয়েছে। অন্যদিকে, শামির আইনজীবীরা কেন মামলাটি কলকাতাতেই থাকা উচিত, তা হলফনামায় তুলে ধরবেন বলে জানা গিয়েছে। বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে। আদালত যদি স্থানান্তরে সম্মতি দেয়, তবে মামলার নথি দিল্লির উপযুক্ত আদালতে পাঠানো হতে পারে।
মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের মাঝেই আইনি লড়াই মহম্মদ শামি বনাম হাসিন জাহান মামলা এখন নতুন পর্বে। পরবর্তী শুনানিতেই স্পষ্ট হবে, এই বহুচর্চিত খোরপোশ ও গার্হস্থ্য হিংসা মামলার জল কোন দিকে গড়াবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.