বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তারালি সীমান্ত এলাকায় ফের সক্রিয় পাচারচক্রের হদিস পেল সীমান্তরক্ষী বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা অভিযান চালিয়ে সীমান্তের খুব কাছ থেকেই আটক করেন এক সন্দেহভাজনকে। ধৃতের নাম রিন্টু সরদার। তার কাছ থেকে উদ্ধার হয় চাঞ্চল্যকর পরিমাণে ২০০ পাতা নিষিদ্ধ পেইনকিলার ট্যাবলেট।
সূত্রের খবর, এই ওষুধগুলি সাধারণত চিকিৎসার প্রয়োজনে ব্যবহার করা হলেও, পাচারকারীদের হাত ধরে সেগুলি পৌঁছে যাচ্ছে অন্য উদ্দেশ্যে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশের বাজারে। বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি সীমান্ত এলাকা ঘিরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তল্লাশি চালাতেই মিলে ওই বিপুল পরিমাণ ট্যাবলেট।
জিজ্ঞাসাবাদে সে জানায়, এই ওষুধগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সে সীমান্ত এলাকায় এসেছিল। এরপরই বিএসএফ তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে।
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকায় এমন পাচারের ঘটনা নতুন নয়। তবে সম্প্রতি এই ধরনের কার্যকলাপে ফের বাড়ছে তৎপরতা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
বিএসএফ ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে এই চক্রের পেছনে কে বা কারা রয়েছে, তা জানার জন্য। অনুমান করা হচ্ছে, একটি বড় মাফিয়া চক্র এর সঙ্গে যুক্ত থাকতে পারে। তদন্তের মাধ্যমে সেই জাল ভাঙার চেষ্টা চলছে।
সীমান্তে কড়া নজরদারি থাকলেও পাচারচক্র থেমে নেই। প্রশাসনের চোখ রাঙানিতে আতঙ্কে এখন দুষ্কৃতিরা।







