জেলা

বন্যপ্রাণীর করিডরে বেআইনি আলো, লটিহীড় জঙ্গলে বনদফতরের বড় অভিযান!

বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার লটিহীড় জঙ্গলে পরিবেশ সুরক্ষার বড় সাফল্য পেল বনদফতর। পাঞ্চেত বন বিভাগের অধীন এই অরণ্যে বন্যপ্রাণীর চলাচলের পথে বেআইনিভাবে বসানো হয়েছিল প্রায় ২৫টি উঁচু আলো স্তম্ভ। অভিযুক্ত এক বেসরকারি বিলাসবহুল হোটেল, যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তৎপর প্রশাসন।

দু’নম্বর রাজ্য সড়কের ধারে অবস্থিত এই করিডরটি দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণীদের নিরাপদ যাতায়াতের রাস্তা হিসেবে চিহ্নিত। অথচ সেই সংবেদনশীল জায়গাতেই রাতের অন্ধকার চিরে উঁচু আলো বসিয়ে দেওয়া হয়। বিষয়টি সামনে আসতেই ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বনপ্রাণী প্রেমীদের অভিযোগ, এত বড় ধরনের নির্মাণ কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে সম্ভব?

বেশ কিছুদিনের অভিযোগ ও অনুসন্ধানের পর অবশেষে সক্রিয় হয় বনদফতর। আধিকারিক ও কর্মীরা সরেজমিনে গিয়ে একে একে তুলে ফেলেন সমস্ত বেআইনি আলো স্তম্ভ। বনবিভাগের তরফে জানানো হয়েছে, বন্যপ্রাণী সুরক্ষা আইনের ধারা মেনেই দোষীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হোটেল কর্তৃপক্ষের এক প্রতিনিধি দাবি করেন, নাকি এই আলোর ব্যবস্থার জন্য ‘প্রশাসনের মৌখিক অনুমতি’ ছিল। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আর বেশি কিছু বলতে চাননি তিনি। প্রশ্নের মুখে ক্যামেরার সামনে মুখ লুকিয়ে বেরিয়ে যান।

এই ঘটনায় ফের একবার প্রমাণিত হলো—বনাঞ্চলে বেপরোয়া দখলদারিতে প্রশাসন আর নীরব নয়। বন্যপ্রাণের অধিকার রক্ষায় এবার কড়া বার্তা দিল বনদফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.