মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগে পড়ে। যার দরুন জরুরি অবতরণ করা হয়। এই ঘটনার জেরে কোমরে আর পায়ে মারাত্মক চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই শুরু হয় যাবতীয় চিকিৎসা। তাঁর শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর নেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এবার এই ঘটনার প্রেক্ষিতেও মুখ্যমন্ত্রীকে নিশানা করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপের উবাচ, ‘এটা আসল চোট না রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না। প্রত্যেকবার আমরা দেখেছি নির্বাচন এলেই চোট লেগে যায়। সেনাকে দিনরাত গালিগালাজ করেন, সেই সেনার হেলিপ্যাডেই নামতে হল!’
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল সন্ধেয় মেডিকেল বুলেটিনে এসএসকেএম-এর চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, বাঁ পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও পায়ের আরও কিছু অংশে চোট আছে। হিপ জয়েন্টে লিগামেন্টে আঘাত রয়েছে। তাই সেই কারণেই তাঁকে হাসপাতালে ভরতির পরামর্শ দেওয়া হয়।







