পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক ক্ষমতা দখলের পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার অনুষ্ঠিত হল জাঁকজমকপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন Suvendu Adhikari। তাঁর মন্ত্রিসভায় স্থান পেলেন বিজেপির বর্ষীয়ান নেতা Dilip Ghosh-ও। আর সেই শপথের পরই সামনে এল এক আবেগঘন মুহূর্ত।
দিলীপ ঘোষের স্ত্রী Rinku Majumdar জানান, শপথ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাঁকে ‘ম্যাডাম মিনিস্টার’ বলে সম্বোধন করেন। এই ঘটনায় স্পষ্টতই আপ্লুত রিঙ্কু বলেন, “খুব ভালো লেগেছে। উনি একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন।”
রিঙ্কুর দাবি, বিয়ের পর গত এক বছরে তাঁকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে। কখনও বলা হয়েছে তিনি তৃণমূল ঘনিষ্ঠ, কখনও আবার অন্য রাজনৈতিক লবির সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। এমনকি দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা লাগার জন্যও অনেকেই তাঁকেই দায়ী করেছিলেন বলে জানান তিনি।
তাঁর কথায়, “অনেক অপবাদ শুনেছি। সোশ্যাল মিডিয়াতেও আমাকে নিয়ে নানা কথা বলা হয়েছে। কিন্তু আজ মনে হচ্ছে সেই বদনাম ঘুচল।”
এখানেই থেমে থাকেননি রিঙ্কু। তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন গোটা দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। তাঁর দাবি, “বাংলা থেকে দেশের রাজনৈতিক সমীকরণ বদলায়। তাই এই পরিবর্তন এক অর্থে দেশের দ্বিতীয় স্বাধীনতা।”
দিলীপ-শুভেন্দু জুটির প্রশংসা করে রিঙ্কু বলেন, এই জুটি ইতিমধ্যেই বাংলায় ‘মিরাকেল’ করেছে, আগামী দিনেও রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।







