নিজস্ব প্রতিবেদন: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাম শিবিরের ভবিষ্যৎ রণকৌশল ঘিরে জল্পনা ঘনাচ্ছে। কখনও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, কখনও আবার কংগ্রেস নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক— রাজ্য রাজনীতিতে বামেদের অবস্থান স্পষ্ট নয় বলেই মত রাজনৈতিক মহলের। এই আবহেই বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে উঠে এল জোট প্রসঙ্গ।
সূত্রের খবর, বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নে রাজ্য নেতৃত্বের মধ্যে প্রায় ঐকমত্য তৈরি হয়েছে। অধিকাংশ সদস্যই মত দিয়েছেন, আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার ব্যাপারে সিপিএম বিশেষ আগ্রহী নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আগেই ২৯৪টি আসনেই লড়াই করার ঘোষণা করেছেন— সেটাকেই বাস্তব পরিস্থিতি হিসেবে ধরে নিচ্ছে সিপিএম।
তবে বৈঠকে এই প্রশ্নও ওঠে যে, কংগ্রেসের বিরোধিতা আগেভাগে প্রকাশ্যে আনার প্রয়োজন ছিল কি না। জোটপন্থী নেতাদের একাংশের মতে, কংগ্রেস যদি আনুষ্ঠানিকভাবে জোটে না আসার কথা ঘোষণা করত, তা হলে জোট ভাঙার দায় সিপিএমের কাঁধে পড়ত না।
বৈঠকে ঠিক হয়েছে, কংগ্রেসের সঙ্গে দিল্লি স্তরে একবার আলোচনার চেষ্টা করা হতে পারে। তবে বাস্তবে কংগ্রেসকে বাদ দিয়েই এগোনোর প্রস্তুতি শুরু করতে হবে— এমনটাই মনে করছে সিপিএম নেতৃত্ব। সে ক্ষেত্রে আইএসএফ এবং অন্যান্য শরিক দলগুলির সঙ্গে দ্রুত আসন সমঝোতা সেরে ফেলার দিকেই ঝুঁকছে আলিমুদ্দিন স্ট্রিট।
এই প্রেক্ষিতেই বৃহস্পতিবার বেলা ৩টেয় আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে। সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক-সহ সমস্ত শরিক দল ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। সেখানেই জোট ও আসন বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা যাচ্ছে।
এদিকে, কংগ্রেস নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। এই বৈঠক আদৌ রাজনৈতিক কৌশলের অংশ, না কি তা বার্তা বিভ্রান্ত করছে— সেই প্রশ্নও ঘুরছে রাজনৈতিক মহলে।
বিধানসভা ভোট যত কাছে আসছে, বাম শিবিরের পথচলা কোন দিকে যাবে— কংগ্রেসকে সঙ্গে নিয়ে, না কি নতুন শরিকদের ভরসায়— তার স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে আগামী কয়েক দিনের মধ্যেই।







