নয়াদিল্লি: বাজেট অধিবেশনের মধ্যেই বুধবার সকাল থেকে বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। দিনের শেষে বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে বাতিল হয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত ভাষণ। তিনি বক্তব্য রাখার সুযোগই পাননি। পরিস্থিতি সামাল দিতে সভা একাধিকবার মুলতুবি করতে বাধ্য হন স্পিকার।
আগের দিন বিরোধী শিবিরের আট জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে বুধবার সকাল থেকেই কংগ্রেস-সহ বিরোধী দলগুলির সাংসদেরা সভাকক্ষে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর ফলে সকাল থেকে দফায় দফায় লোকসভার কাজকর্ম ব্যাহত হয়। বিকেল ৫টা নাগাদ সভা পুনরায় শুরু হলে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ফের মুলতুবি ঘোষণা করা হয় সভা।
বিজেপির অভিযোগ, বিকেল ৫টার পর সভা শুরু হতেই বিরোধী দলের একাংশ মহিলা সাংসদেরা ট্রেজ়ারি বেঞ্চ ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। তাঁদের হাতে বড় প্ল্যাকার্ড ছিল, যেখানে লেখা ছিল— “যেটা সঠিক, সেটা করুন।” শাসকদলের বিরুদ্ধে স্লোগানও ওঠে। বিক্ষোভকারীদের মধ্যে কংগ্রেস সাংসদ বর্ষা গায়কোয়াড়, জ্যোতিমণি প্রমুখ ছিলেন বলে অভিযোগ। সভা মুলতুবি হওয়ার পরেও কিছু সময় ট্রেজ়ারি বেঞ্চ ঘিরে অবস্থান চালু থাকে বলে জানানো হয়েছে। একাধিক মন্ত্রী অনুরোধ করার পরে তাঁরা সভাকক্ষ ছাড়েন।
বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি এই ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, ‘‘পূর্বপরিকল্পিত ভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণের ছক কষা হয়েছিল। মহিলা সাংসদেরা প্রধানমন্ত্রীর আসনের চারপাশে দাঁড়িয়ে পড়েন। কিরেন রিজিজুর উপস্থিত বুদ্ধির জন্যই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’’
যদিও ওই সময় প্রধানমন্ত্রী লোকসভায় উপস্থিত ছিলেন না। সভা মুলতুবি হওয়ার পরে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সাংবাদিকদের বলেন, ‘‘প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন বলেই হাউজ়ে আসেননি। সত্যের মুখোমুখি হতে চান না।’’
পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমাজমাধ্যমে লেখেন, “আমি আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রী সংসদে আসবেন না। কারণ তিনি ভীত এবং সত্যের মোকাবিলা করতে চান না।”
এই ঘটনাকে ঘিরে সংসদের নিরাপত্তা, বিরোধী কৌশল এবং অধিবেশনের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।






