দেশ

মোহন ভাগবতের ট্রেনে ফের পাথরবৃষ্টি! উত্তরপ্রদেশে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে হামলা, অল্পের জন্য রক্ষা আরএসএস প্রধানের

ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়লেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত। উত্তরপ্রদেশে দিল্লিগামী স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে সফরের সময় তাঁর কোচ লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরোজাবাদ জেলার মাকখানপুর স্টেশনের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও সৌভাগ্যবশত কোনও রকম শারীরিক আঘাত পাননি মোহন ভাগবত।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহন ভাগবত ওই সময় স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের ই-১ কোচে যাত্রা করছিলেন। সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিট নাগাদ ট্রেনটি মাকখানপুর স্টেশন অতিক্রম করার সময় আচমকাই কোচ লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে জানলার বাইরের কাচ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাচক্রে আক্রান্ত জানলার ঠিক উল্টো দিকের আসনেই বসেছিলেন আরএসএস প্রধান। ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

ঘটনার খবর মিলতেই টুন্ডলা স্টেশনের আগে ট্রেনটিকে জরুরি ভিত্তিতে থামানো হয়। রেল ও পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। নিরাপত্তা নিশ্চিত করার পর ট্রেনটিকে পুনরায় দিল্লির উদ্দেশ্যে রওনা করানো হয়। আগ্রা জোনের এডিজি এস কে ভগত এবং ডিআইজি শৈলেশ পাণ্ডে ঘটনাস্থলে পৌঁছে তদন্তের তদারকি করেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। তবে কারা এবং কী উদ্দেশ্যে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফিরোজাবাদের সিনিয়র পুলিশ সুপার আদিত্য লাঙ্গে।

উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরেই এটি দ্বিতীয়বার যখন মোহন ভাগবতের ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা সামনে এল। এর আগে ফেব্রুয়ারি মাসে লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে সফরের সময়ও একই ধরনের হামলার মুখে পড়েছিলেন তিনি। সেই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলেও ফের এমন ঘটনা ঘটায় রেল ও প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.