হাওড়া ও কলকাতার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম বিদ্যাসার সেতু ঘিরে রবিবারের যান চলাচল নিয়ে বড়সড় বিভ্রান্তির পর শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল Kolkata Police। আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১৭ মে রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কিন্তু শুক্রবার গভীর রাতে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন নির্দেশিকা জারি করেছে ট্রাফিক বিভাগ।
নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রবিবার সারাদিনই স্বাভাবিকভাবে যান চলাচল করবে বিদ্যাসাগর সেতু দিয়ে। ফলে যাত্রীদের আর বিকল্প রুট ব্যবহার করতে হবে না।
এর আগে সেতুর রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বিকল্প রুটের পরিকল্পনাও প্রকাশ করেছিল ট্রাফিক পুলিশ। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা যানবাহনকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। খিদিরপুর এবং কেপি রোড দিক থেকেও যানবাহনের জন্য বিকল্প পথ নির্ধারণ করা হয়েছিল।
তবে রাতারাতি সেই সিদ্ধান্ত বদলে যায়। কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনারের তরফে জানানো হয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা Hooghly River Bridge Commissioners-কেও জানানো হয়েছে।
ফলে রবিবার কলকাতা-হাওড়া যাতায়াতে কোনও অতিরিক্ত চাপ বা দুর্ভোগের আশঙ্কা নেই বলেই মনে করছে প্রশাসন। সাধারণ দিনগুলির মতোই নির্বিঘ্নে চলবে যান চলাচল।







