টলিপাড়ার রাজনৈতিক বিতর্ক এবার পৌঁছে গেল ব্যক্তিগত সম্পর্কের অন্দরমহলেও। অভিনেতা জীতু কমল এবং তৃণমূল সাংসদ সায়নী ঘোষ-এর চলতি বাকযুদ্ধ এখন ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত বিষয়। ১৪ মে এক সাক্ষাৎকারে সায়নীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন জীতু। তারপর থেকেই শুরু হয় নতুন বিতর্ক।
জীতুর মন্তব্যের পাল্টা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন সায়নী। সেখানে তিনি অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। এমনকি দাবি করেন, জীতুর কিছু ব্যক্তিগত আচরণ নিয়ে নাকি অভিনেত্রী নবনীতা দাস তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই দাবি সামনে আসতেই বিতর্ক আরও তীব্র হয়।
এরপরই আসে বড় মোড়। বিচ্ছেদের প্রায় তিন বছর পর প্রথমবার একসঙ্গে সোশ্যাল মিডিয়া লাইভে দেখা যায় জীতু ও নবনীতাকে। লাইভে দু’জনেই স্পষ্ট জানান, তাঁদের সম্পর্ক নিয়ে সায়নীর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। জীতুর কথায়, “মিথ্যে বলতে বলতে এমন জায়গায় পৌঁছে গিয়েছেন, যেখানে মানুষ আর বিশ্বাস করছে না।” নবনীতাও জানান, তিনি কখনও জীতুর বিরুদ্ধে এমন কোনও অভিযোগ করেননি।
এদিন সায়নীর পুরনো বিতর্কও টেনে আনেন জীতু। পাশাপাশি লাইভের লোকেশন নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। ব্যক্তিগত জায়গা নয়, তিনি লাইভ করেন কেন্দুয়া শান্তিসংঘের পুজোমণ্ডপের সামনে দাঁড়িয়ে— যে পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার স্বয়ং সায়নী ঘোষ। অনেকের মতে, এটিই ছিল অভিনেতার কৌশলী পাল্টা বার্তা।
লাইভে নবনীতার সঙ্গে জীতুর সহজ রসায়নও নজর কাড়ে। কুলফি নিয়ে খুনসুটি থেকে বন্ধুত্বের বার্তা— সব মিলিয়ে এই লাইভ এখন টলিপাড়ার নতুন চর্চার কেন্দ্রবিন্দু। ডিভোর্স মানেই শত্রুতা নয়, সেই বার্তাই দিতে চেয়েছেন বলেও দাবি অভিনেতার।







