ভারতের প্রতিযোগিতামূলক পরীক্ষার দুনিয়ায় Rajasthan-এর Sikar এবং Kota দীর্ঘদিন ধরেই সাফল্যের কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু সেই সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর মানসিক চাপ ফের সামনে এল এক মর্মান্তিক ঘটনায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিলের ধাক্কা সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন ২২ বছরের এক মেধাবী পরীক্ষার্থী।
মৃত ছাত্রের নাম প্রদীপ মেঘওয়াল। তিনি Jhunjhunu জেলার বাসিন্দা ছিলেন এবং গত তিন বছর ধরে সিকরে থেকে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের দাবি, গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষায় প্রদীপ অত্যন্ত ভালো পারফর্ম করেছিলেন। ৭২০ নম্বরের পরীক্ষায় তাঁর প্রায় ৬৫০ নম্বর আসতে পারে বলেই বিশ্বাস ছিল পরিবারের। সেই আশাতেই দিন গুনছিলেন তিনি।
কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর কেন্দ্রীয় সরকার নিট পরীক্ষা বাতিলের ঘোষণা করতেই মানসিকভাবে ভেঙে পড়েন প্রদীপ। পরিবারের অভিযোগ, সেই সিদ্ধান্তই তাঁর ওপর মারাত্মক প্রভাব ফেলে।
শুক্রবার সিকরের জলধারী নগর এলাকায় নিজের ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন প্রদীপ। ঘটনার সময় তাঁর দুই বোনও বাড়িতে ছিলেন। একজন কোচিং ক্লাসে এবং অন্যজন বাথরুমে ছিলেন বলে জানা গিয়েছে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রদীপের বাবা রাজেশ কুমার মেঘওয়াল একজন দিনমজুর। ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে জমি বিক্রি করে প্রায় ১১ লক্ষ টাকা খরচ করেছিল পরিবার। পরিবারের দাবি, দুর্নীতি এবং প্রশ্নফাঁস চক্রই তাঁদের স্বপ্ন ভেঙে দিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কংগ্রেস নেতা Sachin Pilot প্রশ্ন তুলেছেন তদন্ত প্রক্রিয়া নিয়ে। আগামী ২১ জুন ফের নিট পরীক্ষার দিন ঘোষণা হলেও, লক্ষাধিক পরীক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।







