রাজ্য

পুজোর আগেই বনকর্মীদের বড় সুখবর, বাড়ছে রেঞ্জার থেকে বন সহায়কদের বেতন-ভাতা

রাজ্য বনদফতরের কর্মী ও আধিকারিকদের জন্য দুর্গাপুজোর আগে বড় উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী অক্টোবর মাস, অর্থাৎ পুজোর মরশুম থেকেই রেঞ্জার, বিট অফিসার, ফরেস্ট গার্ড এবং বন সহায়কদের বেতন ও ভাতা বাড়াতে চলেছে রাজ্য সরকার।

কাদের কত টাকা বাড়ছে?

রেঞ্জার: রাজ্যে কর্মরত প্রায় ৫০০ জন রেঞ্জারের মাসিক বেতন ৫,০০০ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে।

বিট অফিসার: প্রায় ৫০০ জন বিট অফিসারের ক্ষেত্রেও অক্টোবর থেকে মাসিক বেতন ৫,০০০ টাকা বাড়বে।

ফরেস্ট গার্ড: বনদফতরের প্রায় ৬৫০ জন ফরেস্ট গার্ডের বেতনও প্রতি মাসে ৫,০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন সহায়ক: বর্তমানে রাজ্যের প্রায় ১,৫০০ জন বন সহায়ক মাসে ১০,০০০ টাকা ভাতা পান। এবার তাঁদের ভাতা ২,০০০ টাকা বাড়িয়ে ১২,০০০ টাকা করা হয়েছে।

অক্টোবর থেকেই কার্যকর নতুন কাঠামো

বন ও বন্যপ্রাণ রক্ষার কাজে যুক্ত কর্মীদের এই সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী অক্টোবর মাসের দুর্গাপুজো থেকেই বর্ধিত বেতন ও ভাতার সুবিধা কার্যকর হবে।

মঙ্গলবার আয়োজিত ‘সবুজ স্বাধীনতা দিবস’-এর অনুষ্ঠানে রাজ্য সরকারের ১০০ দিনের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জাতীয় নিরাপত্তা, সাংবিধানিক দায়িত্ব, জনকল্যাণ এবং শিল্প-কর্মসংস্থানের পাশাপাশি পরিবেশ রক্ষাকেও সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি। চলতি বর্ষায় রাজ্যে ১০ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রার কথাও জানান মুখ্যমন্ত্রী।

১০ কোটি গাছ লাগানোর লক্ষ্য

এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রায় ৫০ লক্ষ চারাগাছ একসঙ্গে রোপণ করা হচ্ছে। এর বেশিরভাগ খরচ বহন করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। ‘বিকশিত ভারত জিরামজি’ প্রকল্পের মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিকে সামনে রেখে রাজ্যে ৭ কোটি ২০ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছিল। পরে ১৪ জুলাই অরণ্য সপ্তাহে উত্তরপ্রদেশে ২৬ কোটি গাছ লাগানোর উদাহরণ তুলে ধরে তিনি জানান, পশ্চিমবঙ্গের জনসংখ্যাও ১০ কোটি পেরিয়ে ১১ কোটির দিকে এগোচ্ছে। সেই কারণে এই বর্ষাতেই ১০ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী দু’বছর ধরে সেই চারাগাছগুলির পরিচর্যাও করা হবে।

আবাসন প্রকল্পে এক-তৃতীয়াংশ জায়গা সবুজ রাখার নির্দেশ

শহরাঞ্চলে ক্রমশ কমতে থাকা সবুজায়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আকাশপথে বৃহত্তর কলকাতার দিকে তাকালে সবুজের ঘাটতি সহজেই চোখে পড়ে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে নিউ টাউনের সবুজ পরিবেশের প্রশংসা করে কলকাতার ‘ফুসফুস’ রক্ষায় দ্রুত বৃক্ষরোপণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান।

আবাসন নির্মাণকারী সংস্থা ‘ক্রেডাই’ এবং বিল্ডারদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোনও বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে মোট জায়গার দুই-তৃতীয়াংশ পরিকাঠামোর জন্য এবং অন্তত এক-তৃতীয়াংশ জায়গা সবুজায়নের জন্য রাখতে হবে। এই নিয়ম যাতে কোনওভাবেই লঙ্ঘন না হয়, সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বজ্রপাত মোকাবিলায় গাছ ও লাইটনিং অ্যারেস্টারের উপর জোর

অনুষ্ঠানে একটি দেশীয় প্রজাতির লম্বা নারকেল গাছের চারা রোপণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, নারকেল ও সুপারি গাছ বজ্রপাতপ্রবণ এলাকায় প্রাকৃতিক ‘লাইটনিং অ্যারেস্টার’-এর মতো কাজ করতে পারে।

মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকারের ১০১ দিনের মেয়াদেই বজ্রপাতে রাজ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত বছর কলকাতার ময়দানেও বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছিল। শহরের বহু বাড়িতে লাইটনিং অ্যারেস্টার থাকলেও সেগুলির অনেকগুলিই কার্যত নিষ্ক্রিয় বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ, দমকল, পিডব্লুডি এবং কেএমসিকে যৌথভাবে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ম্যানগ্রোভ ধ্বংস নিয়ে উদ্বেগ

উপকূলবর্তী এলাকায় বেআইনি নির্মাণ ও ম্যানগ্রোভ ধ্বংস নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী থেকে টাকি ও সাগর—বিভিন্ন এলাকায় সেচ ও বনদফতরের জমি দখল করে বেআইনি ইটভাটা তৈরির অভিযোগ তোলেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ম্যানগ্রোভের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা নষ্ট হওয়ার কারণে আমফানের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়ে কলকাতা ও আশপাশের বিস্তীর্ণ এলাকা টানা কয়েকদিন বিদ্যুৎহীন ও বিপর্যস্ত হয়ে পড়েছিল। পরিস্থিতি মোকাবিলায় ওড়িশা থেকেও উদ্ধারকারী দল আনতে হয়েছিল বলে স্মরণ করিয়ে দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.