জলবায়ু পরিবর্তনের প্রভাব এবার কলকাতার জনস্বাস্থ্যের জন্যও বড় আশঙ্কার কারণ হয়ে উঠছে। ইউনিভার্সিটি অফ এক্সটার এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর গবেষকদের সাম্প্রতিক গবেষণায় দাবি, আগামী দিনে তাপমাত্রা বৃদ্ধি ও অতিবৃষ্টির কারণে শহরে কলেরার প্রকোপ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
১৯৯৯ থেকে ২০১৯ সালের তথ্য বিশ্লেষণ করে তৈরি গাণিতিক মডেল অনুযায়ী, চলতি শতাব্দীর শেষদিকে কলকাতায় কলেরা আক্রান্তের সংখ্যা বর্তমানের তুলনায় প্রায় ৮১ শতাংশ থেকে সর্বোচ্চ ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। গবেষকদের মতে, অতিরিক্ত গরম এবং বর্ষাকালে প্রবল বৃষ্টির ফলে নিকাশি ব্যবস্থা ব্যাহত হলে পানীয় জলে কলেরার জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে।
বর্তমানে কলকাতায় গরম ও বর্ষাকালে কলেরার পৃথক প্রকোপ লক্ষ্য করা যায়। তবে জলবায়ুর পরিবর্তনের ফলে ভবিষ্যতে এই দুই প্রকোপের মধ্যবর্তী সময় কমে যেতে পারে। ফলে বছরের দীর্ঘ সময় ধরেই কলেরার সংক্রমণের ঝুঁকি বজায় থাকার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় শহরের পানীয় জল শোধন ব্যবস্থা আরও উন্নত করা, নিকাশি পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রয়োজনে আগাম টিকাকরণের মতো প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
বর্ষাকালে সাধারণ মানুষকেও বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফুটপাতের খোলা খাবার ও অপরিশোধিত জল এড়িয়ে চলা, পানীয় জল ফুটিয়ে খাওয়া এবং নিয়মিত হাত পরিষ্কার রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।







