দেশ

ফাঁসিই থাকছে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি, বিকল্পের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ফাঁসির পরিবর্তে তুলনামূলক কম যন্ত্রণাদায়ক কোনও পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির কষ্ট কমানো বা তাঁর মর্যাদা রক্ষার যুক্তিতে আপাতত ফাঁসির বিকল্প কোনও পদ্ধতি চালু করা হচ্ছে না। ফলে ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচলিত পদ্ধতি হিসেবে ফাঁসিই বহাল থাকল।

সম্প্রতি আইনজীবী ঋষি মালহোত্রা এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর আবেদনে ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশন, গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর কিংবা ইলেকট্রিক চেয়ার ব্যবহারের মতো বিকল্প পদ্ধতির কথা বলা হয়েছিল। মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হয়।

কী দাবি ছিল আবেদনে?

জনস্বার্থ মামলায় বলা হয়েছিল, ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা অত্যন্ত যন্ত্রণাদায়ক, নিষ্ঠুর ও অমানবিক। তাই CrPC-র ৩৫৪(৫) ধারায় ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের বিধানকে অসাংবিধানিক ঘোষণা করার আবেদন জানানো হয়। পাশাপাশি, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের আওতায় মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও ওঠে।

আবেদনকারীর যুক্তি ছিল, ফাঁসির পর মৃত্যু নিশ্চিত হতে প্রায় ৪০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। বিপরীতে, গুলি করে বা প্রাণঘাতী ইঞ্জেকশনের মাধ্যমে তুলনামূলকভাবে কম সময়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব। রাষ্ট্রসংঘের একটি প্রস্তাবের কথাও আদালতে তুলে ধরেন আইনজীবী মালহোত্রা। সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে যতটা সম্ভব কম যন্ত্রণা দেওয়ার কথা বলা হয়েছে।

কী বলল শীর্ষ আদালত?

শেষ পর্যন্ত ওই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টের আগের তিনটি রায় বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদনও খারিজ করা হয়েছে। অর্থাৎ, আপাতত মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসিই বহাল থাকছে।

তবে ভবিষ্যতে বিকল্প পদ্ধতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি আদালত। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, এই রায়ের মাধ্যমে ভবিষ্যতের সব সম্ভাবনার দরজা বন্ধ করা হচ্ছে না। পরবর্তীকালে শক্তিশালী বৈজ্ঞানিক, চিকিৎসা-সংক্রান্ত বা বাস্তব তথ্য-প্রমাণ সামনে এলে বিষয়টি সাংবিধানিকভাবে ফের পর্যালোচনা করা যেতে পারে।

এছাড়াও কেন্দ্র চাইলে বিকল্প মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিগুলি নিয়ে বিস্তারিত সমীক্ষা ও পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করতে পারে বলে জানিয়েছে আদালত।

কী অবস্থান কেন্দ্রের?

কেন্দ্রের হয়ে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি এর আগে আদালতকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে পর্যালোচনার জন্য সরকার একটি কমিটি গঠন করেছে। ২০২৫ সালের ১৫ অক্টোবর মামলার শুনানির সময় কেন্দ্রের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট।

সেই সময় আদালতে এমন প্রস্তাবও উঠেছিল যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসি অথবা প্রাণঘাতী ইঞ্জেকশনের মধ্যে কোনও একটি পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। যদিও কেন্দ্র হলফনামায় জানিয়েছিল, বাস্তবে এমন ব্যবস্থা কার্যকর করা সম্ভব নয়। এই অবস্থানে অসন্তোষ প্রকাশ করে আদালত পর্যবেক্ষণ করেছিল, সময়ের সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়ে কেন্দ্র যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.