দিল্লিগামী Rajdhani Express-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। তিরুবনন্তপুরম থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়া রাজধানী এক্সপ্রেসে মধ্যপ্রদেশের Ratlam-এর কাছে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের বি-১ কোচে এবং দাউদাউ করে জ্বলতে থাকে পুরো বগি।
রেল সূত্রে জানা গিয়েছে, ভোররাতের দিকে অধিকাংশ যাত্রী যখন গভীর ঘুমে ছিলেন, সেই সময় প্রথমে কোচের একাংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কোচের ভিতরে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগেই দ্রুত পদক্ষেপ করেন রেলকর্মী ও উদ্ধারকারী দল। জানলার কাচ ভেঙে অন্তত ৬৮ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। শুধু বি-১ কোচ নয়, পাশের কোচ থেকেও যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।
আগুন আরও ছড়িয়ে পড়ার আগেই জ্বলন্ত কোচটিকে ট্রেনের বাকি অংশ থেকে আলাদা করে ফেলা হয়। তবুও আগুনের তীব্রতায় বি-১ কোচটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। তবে ধোঁয়ার কারণে কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। যদিও অন্য কোনও নাশকতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য Indian Railways ইতিমধ্যেই একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত ট্রেনের যাত্রীদের দিল্লি পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।
এই ঘটনায় প্রিমিয়াম ট্রেন পরিষেবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।







