বলিউডের বিতর্কিত এবং ঠোঁটকাটা পরিচালক Anurag Kashyap ফের শিরোনামে। তবে এবার কোনও নতুন সিনেমা বা ওটিটি প্রজেক্টের জন্য নয়, বরং গুরুতর আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন ‘Gangs of Wasseypur’ খ্যাত এই পরিচালক। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে সমাজমাধ্যমে করা এক আপত্তিকর মন্তব্যের জেরে গুজরাটের Surat আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের এপ্রিল মাসে। Phule ছবির টিজার প্রকাশ্যে আসার পর মহারাষ্ট্রে ‘All India Brahmin Samaj’-সহ একাধিক সংগঠন ছবিটির বিরোধিতা শুরু করে। সেই সময় প্রতিবাদকারীদের কড়া ভাষায় আক্রমণ করে সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন অনুরাগ।
বিতর্ক চরমে ওঠে পোস্টের কমেন্ট সেকশনে। এক নেটিজেনের মন্তব্যের জবাবে মেজাজ হারিয়ে অনুরাগ এমন একটি মন্তব্য করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। পরে তিনি প্রকাশ্যে ক্ষমাও চান এবং স্বীকার করেন যে রাগের মাথায় গোটা সম্প্রদায়কে আঘাত করেছেন।
এই ঘটনার পর Vishwa Hindu Parishad-এর নেতা ও আইনজীবী কমলেশ রাভাল Surat আদালতে ফৌজদারি মামলা দায়ের করেন। অভিযোগ, অনুরাগের মন্তব্য একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে এবং সমাজে বিভাজন তৈরি করতে পারে।
মামলার শুনানিতে আদালত ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ৩৫২ এবং ৩৫৩(২) ধারায় মামলা রুজুর নির্দেশ দেয়। একাধিক সমন পাঠানো হলেও আদালতে হাজির না হওয়ায় এবার অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সরাসরি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ফলে বলিউড পরিচালকের আইনি চাপ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।







